বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বড় ভাইয়ের ওপর হামলা চালিয়ে তাঁকে রক্তাক্ত জখম করেছেন শরিফুল ইসলাম (২২) নামের এক তরুণ। গতকাল রোববার সকালে শিবগঞ্জ ইউনিয়নের উথলী গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ শরিফুলকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাঁকে ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেন।
শরিফুল উপজেলার উথলী আকন্দপাড়া গ্রামের বাসিন্দা।
এলাকার সাত-আটজন বলেন, অষ্টম শ্রেণির এক ছাত্রীকে শরিফুল দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। গতকাল সকালে ছাত্রীটি বিদ্যালয়ে যাওয়ার সময় উথলী বাজারের কাছে পৌঁছালে শরিফুল তাঁকে উত্ত্যক্ত করতে থাকেন। এ সময় ওই পথ দিয়ে যাচ্ছিলেন মেয়েটির বড় ভাই কারিমুল ইসলাম (২২)। কারিমুল এর প্রতিবাদ করায় ক্ষুব্ধ হয়ে শরিফুল লাঠি নিয়ে তাঁর ওপর হামলা করেন। এতে তিনি রক্তাক্ত জখম হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এদিকে বিষয়টি জানতে পেরে পুলিশ ধাওয়া দিয়ে শরিফুলকে আটক করে। পরে তাঁকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত কুমার মাহাতোর আদালতে হাজির করলে আদালত তাঁকে ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান বলেন, বিষয়টি মৌখিকভাবে শোনার পরই পুলিশ তাঁকে খুঁজে বের করে আটক করেছে।