বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে জখম
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ছোট বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় এক ব্যক্তি (২৪) বখাটের ক্ষুরের আঘাতে জখম হয়েছেন। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিকে ঘটনার রাতেই দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মেয়েকে উত্ত্যক্ত ও ছেলেকে জখম করার অভিযোগে বাবা বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় সোমবার রাতে একটি মামলা দায়ের করেছেন। মামলায় একই গ্রামের হাসান আলীকে (২০) আসামি করা হয়েছে।
এজাহারের বিবরণ অনুযায়ী, মেয়েটি সপ্তম শ্রেণিতে পড়ে। হাসান আলী পেশায় রাজমিস্ত্রির সহকারী। বেশ কিছুদিন ধরে ওই ছাত্রীকে স্কুল ও প্রাইভেট পড়তে যাওয়া-আসার পথে হাসান আলী উত্ত্যক্ত করে আসছিলেন। সোমবার সন্ধ্যায় ওই ছাত্রী প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে হাসান আলী তার পিছু নেন এবং নানা আপত্তিকর কথা বলতে থাকেন। এমনকি ওই ছাত্রী বাড়িতে ঢুকে যাওয়ার পরও বাইরে থেকে আপত্তিকর মন্তব্য করেন। বিষয়টি জানতে পেরে ওই ছাত্রীর বড় ভাই বাড়ি থেকে বের হয়ে প্রতিবাদ করেন। এ সময় দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তির একপর্যায়ে হাসান পকেটে থাকা ধারালো ক্ষুর বের করে মেয়েটির ভাইয়ের মাথার পেছনে পোঁচ মেরে পালিয়ে যান।