বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে পিটিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ছোট বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ভাইকে লাঠিপেটা করেছে বখাটেরা। উপজেলার উপাদী উত্তর ইউনিয়নে গত রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, দীর্ঘদিন ধরে মেয়েটিকে (২২) পথে-ঘাটে প্রায়ই উত্ত্যক্ত করতেন স্থানীয় মো. রিপন (২০), মো. ইব্রাহীম (২২) ও ইসহাক মাল (২৩)। গত রোববার বিকেলে মেয়েটি বাড়ি থেকে বের হলে তাঁরা তিনজন তাঁকে (মেয়েটিকে) উত্ত্যক্ত করেন। বাড়ি ফিরে ওই মেয়ে বিষয়টি তাঁর ভাইকে (২৫) জানান। তখন তাঁর ভাই রিপন, ইব্রাহীম ও ইসহাকের সঙ্গে কথা বলেন এবং তাঁদের এ ধরনের কাজ থেকে বিরত থাকতে বলেন। এতে তাঁরা মেয়েটির ভাইয়ের ওপর ক্ষিপ্ত হন।
স্থানীয় ব্যক্তিরা বলেন, রোববার সন্ধ্যা সাতটায় তাঁরা মেয়েটির ভাইকে বাড়ি থেকে ডেকে সামনের এক রাস্তায় নিয়ে যান। একপর্যায়ে তাঁরা লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর হামলা চালান। এতে তাঁর মাথা ও হাত জখম হয়। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে রিপন, ইব্রাহীম ও ইসহাক পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকেরা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম মাহাবুবুর রহমান বলেন, ওই যুবকের মাথায় জখম হয়েছে। তাঁর চিকিৎসা চলছে। সুস্থ হতে সময় লাগবে।
আহত ব্যক্তি বলেন, বাড়ি থেকে বের হলে রিপন, ইব্রাহীম ও ইসহাক প্রায়ই তাঁর বোনকে উত্ত্যক্ত করেন। এর প্রতিবাদ করায় তাঁরা তাঁকে লাঠিপেটা করেন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।