বোনের 'সাবেক' স্বামীর ষড়যন্ত্রের শিকার ব্যবসায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট বোন মুর্শিদা জামানের কানাডাপ্রবাসী ‘সাবেক’ স্বামীর ষড়যন্ত্রের কারণে খুলনার ব্যবসায়ী ওয়াহিদুজ্জামানকে ইয়াবা দিয়ে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর বড় বোন আক্তারুন্নাহার হিরণ। গতকাল মঙ্গলবার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। এর আগে তিনি মানবাধিকার কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ ব্যাপারে লিখিত অভিযোগ করেছেন।

গত ২২ মে খুলনা নগরের গাজী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ওয়াহিদুজ্জামানের ব্যাগ তল্লাশি করে পাঁচটি ইয়াবা বড়ি উদ্ধার করা হয় বলে জানায় সোনাডাঙ্গা থানা-পুলিশ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাঁকে কারাগারে পাঠানো হয়। ৩১ মে তিনি জামিনে মুক্তি পান।

সংবাদ সম্মেলনে আক্তারুন্নাহার অভিযোগ করেন, খুলনা শহরে মুর্শিদা জামানের কয়েকটি বাড়ি রয়েছে। মুর্শিদার সঙ্গে তাঁর সাবেক স্বামী মনিরুজ্জামান মোল্লার সম্পর্কের অবনতি হওয়ার পর তিনি একটি বাড়ি যৌতুক হিসেবে দাবি করেন। বাড়ি দিতে অস্বীকৃতি জানালে একের পর এক মিথ্যা মামলা দিয়ে ভাই-বোনকে বিপর্যস্ত করা হয়েছে। এ কাজে সাহায্য করছেন খুলনায় থাকা মনিরুজ্জামানের ভাগনে রিয়াজ শেখ ও বড় ভাই হারুন অর রশিদ।

আক্তারুন্নাহার দাবি করেন, ওয়াহিদুজ্জামান মাদকাসক্ত কি না, তা যাচাইয়ের জন্য রক্ত পরীক্ষার দাবি জানালেও পুলিশ তা গ্রাহ্য করেনি। পুলিশ মোটা অঙ্কের টাকার বিনিময়ে ওয়াহিদুজ্জামানকে ইয়াবা দিয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। তিনি আরও বলেন, এরই মধ্যে অনেক মামলা আদালতে মিথ্যা প্রমাণিত হওয়ায় খারিজ হয়ে গেছে। মামলা করে টিকতে না পেরে এবার নতুন করে ষড়যন্ত্র করছেন তাঁরা। এরই অংশ হিসেবে পুলিশের সঙ্গে সখ্য করে ওয়াহিদুজ্জামানকে ইয়াবা দিয়ে ফাঁসানো হয়েছে।

সোনাডাঙ্গা থানার ওসি মমতাজুল হক মুঠোফোনে বলেন, ঘটনাস্থলে তাঁর ব্যাগ থেকেই ইয়াবা পাওয়া গেছে, এটা সত্য। ঘটনাটি বর্তমানে তদন্তাধীন। তদন্ত প্রতিবেদন তৈরি হলেই জানা যাবে প্রকৃত ঘটনা।

 রিয়াজ শেখ মুঠোফোনে বলেন, ‘মামা মনিরুজ্জামানের সঙ্গে মামির এখনো ছাড়াছাড়ি হয়নি। সোনাডাঙ্গা এলাকায় নিজের টাকায় বাড়িটি তৈরি করেন মামা। কিন্তু বাড়িটি মামির নামে লিখে দেন। পরে মামির সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার পর ওই বাড়ি থেকে মামাকে বঞ্চিত করা হচ্ছে। মামাসহ আমাদের নামে বিভিন্ন কুৎসা রটানো হচ্ছে। বিভিন্ন সময় আমাদের নামেও মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।’