বোমা তৈরির সরঞ্জামসহ 'জেএমবির কমান্ডার' গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বোমা তৈরির সরঞ্জামসহ এরশাদ হোসেন (২০) ওরফে শুভ ওরফে জয় ওরফে বিজয় নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তিনি নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) চট্টগ্রাম জেলার কমান্ডার।
আজ সোমবার ভোরে নগরের আকবর শাহ থানার নিউ মনসুরাবাদ বাগানবাড়ি আবাসিক এলাকার এনআর গেটের একটি বাসা থেকে এরশাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি দিনাজপুরের বিরল থানার বালান্দর গ্রামের সরকারপাড়ায়।
এরশাদও নিজেকে জেমএবির চট্টগ্রাম জেলার কমান্ডার দাবি করে আজ দুপুরে থানায় সাংবাদিকদের বলেন, ২০২০ সালের মধ্যে ভারত, বাংলাদেশ ও মিয়ানমার নিয়ে ‘ইসলামিক ল অ্যান্ড ফোর্স হিন্দুস্থান’ নামের ইসলামী রাষ্ট্র গঠনের জন্য তিনি কাজ করছেন। তাঁদের সঙ্গে হরকাতুল জিহাদ (হুজি), হিযবুত তাহরীর ও আনসারুল্লাহ বাংলা টিমের যোগাযোগ রয়েছে। কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষার্থীদের কাছে তাঁরা গোপনে দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছেন। সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশই তাঁদের টার্গেট। এদের প্রতিরোধে তাঁরা সামরিক শক্তি সঞ্চয় করছেন। এরশাদ তাঁর নেতা হিসেবে মো. ফারদিন নামের এক যুবকের নাম বললেও বর্তমান জেএমবির নেতৃত্ব ও ইসলামিক ল অ্যান্ড ফোর্স হিন্দুস্থান গঠনের নেতৃত্বে কে বা কারা রয়েছেন, তা জানাননি।
২০১১ সালে দিনাজপুরের বালান্দর উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করেছেন জানিয়ে এরশাদ হোসেন সাংবাদিকদের আরও জানান, বগুড়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও রংপুরে জেএমবির হয়ে কাজ করার পর ২০১৪ সালের জানুয়ারি মাসে চট্টগ্রামে আসেন।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদার জানান, এরশাদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাইবাছাই করা হচ্ছে। তাঁর সহযোগীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ বলেন, এরশাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইন ও বিস্ফোরক আইনে দুটি মামলা করে আগামীকাল মঙ্গলবার তাঁকে আদালতে হাজির করা হবে। প্রতি মামলায় ১০দিন করে রিমান্ডের আবেদন করা হবে।