বোমা ফাটিয়ে ডাকাতি শব্দ শুনে বৃদ্ধার মৃত্যু
রাজধানীর ভাটারা থানার কুড়িল বিশ্বরোড-সংলগ্ন কুড়াতলী বাজারে একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত সাড়ে নয়টার দিকে ওই এলাকার নিউ আই কে জুয়েলার্সে এ ঘটনা ঘটে। ডাকাতেরা এ সময় বোমার বিস্ফোরণ ঘটালে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় দোকানটির পাশের ভবনের বাসিন্দা জহুরুন খাতুন (৭০) আতঙ্কে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। এ ছাড়া স্বর্ণের দোকানের মালিক জামাল হোসেন, জাকির হোসেনসহ চার-পাঁচজন আহত হন।
পুলিশ জানায়, দুর্বৃত্তরা কয়েকটি হাতবোমা ফাটিয়ে ওই দোকান থেকে প্রায় ৪০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে নয়টার দিকে কুড়িল ৩০০ ফুট সড়কের সামনে মাইক্রোবাস থামে। গাড়ি থেকে পাঁচজন নেমে ওই দোকানের সামনে বিস্ফোরণ ঘটায়। এই হামলাকারীদের মধ্যে একজন নারী ছিল। এ সময় পাশের সাদিয়া জুয়েলার্সের মালিক জামালের বড় ভাই ইয়াছিন এগিয়ে এলে তাঁকে লক্ষ্য করে হাতবোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বোমার স্প্লিন্টারে জাকির হোসেন নামে আহত এক পথচারীসহ বেশ কয়েকজন আহত হন। পরে দোকানের ভেতরে দুজন ঢুকে মালিক জামাল ও তাঁর দুই কর্মচারীকে জিম্মি করে। নির্বিঘ্নে স্বর্ণালংকার লুট করে নেয় তারা। আর বাইরে আরও তিনজন অবস্থান নেয়। এরপর হামলাকারীরা হেঁটে পাশের গলি দিয়ে কুড়িল বিশ্বরোডের পাশে মাইক্রোবাস এবং তিনটি সিএনজিচালিত অটোরিকশাযোগে কয়েকটি ভাগে বিভক্ত হয়ে প্রগতি সরণি দিয়ে পালিয়ে যায়। অন্য এক প্রত্যক্ষদর্শী জানান, দুর্বৃত্তদের মধ্যে একজন দেখতে আফ্রিকানদের মতো ছিল। আহত জাকিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জহুরুন খাতুনের ছেলে আবদুল কুদ্দুস বলেন, তাঁদের বাড়ির সামনে রাত সাড়ে নয়টার দিকে বিকট শব্দে কয়েকটি ককটেল ফোটে। এ সময় হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মা মারা যান।
ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল মোত্তাকীন বলেন, জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। পুলিশের বেশ কয়েকটি দল তাদের ধরতে কাজ শুরু করেছে।