বোমা ফাটিয়ে-গুলি ছুড়ে জুয়েলার্সে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা-চৌরাস্তা এলাকার একটি জুয়েলারি দোকানে শুক্রবার সন্ধ্যায় বোমা ফাটিয়ে ও গুলি করে ডাকাতি হয়েছে। এতে চারজন আহত হয়েছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, শুক্রবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে মাওনা-চৌরাস্তা এলাকায় ইয়াকুব আলী সুপার মার্কেটের সংগীতা জুয়েলার্স নামের একটি দোকানে কয়েকজন ডাকাত ঢুকে হাতবোমা ফাটিয়ে কিছু স্বর্ণালংকার লুট করে। পরে তারা মাইক্রোবাসযোগে ময়মনসিংহের দিকে পালিয়ে যায়। তাদের ছোড়া বোমায় দোকানমালিকের ছেলে সুব্রত ও কর্মচারী চন্দন আহত হয়েছেন।

স্থানীয় ব্যবসায়ী আবদুল মালেক জানান, লুটপাটের আগে ডাকাতেরা মাওনা ফ্লাইওভার থেকে শক্তিশালী বোমা ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। পরে ডাকাতেরা জুয়েলারি দোকানে ঢুকে গুলি ছোড়ে ও বোমার বিস্ফোরণ ঘটায়। পরে লুটপাট করে দ্রুত পালিয়ে যায়। গুলি ও বোমায় দুজন পথচারী, দোকানের মালিকের ছেলে ও একজন কর্মচারী আহত হয়েছেন। এলাকার লোকজন তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান।