বোমা বানাতে গিয়ে আঙুল হারালেন যুবদল নেতা
রংপুরে শহরে বোমা বানাতে গিয়ে ফিরোজ সরকার নামের যুবদলের এক নেতার হাতের তিনটি আঙুল উড়ে গেছে। আজ মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ তাঁকে ওই ঘটনায় গ্রেপ্তার দেখিয়েছে।
পুলিশ জানিয়েছে, ফিরোজ সরকার জেলা যুবদলের সহসম্পাদক। জেলা বিএনপির একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে তাঁর পরিচয় নিশ্চিত করেছেন।
পুলিশ ও একাধিক প্রত্যক্ষদর্শী জানান, আজ বিকেল পাঁচটার দিকে নগরের রবার্টসনগঞ্জ এলাকার বিএনপি কর্মী রাসেল মিয়ার বাড়ির একটি ঘরে বিস্ফোরণ হয়। খবর পেয়ে কোতোয়ালি থানার ওসির নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ সেখানে ছোপ ছোপ রক্ত এবং বিচ্ছিন্ন কয়েকটি আঙুল পড়ে থাকতে দেখে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, ওই বাড়িতে বোমা বানানো হচ্ছিল। বিস্ফোরণের ঘটনার পর বাড়ির সবাই পালিয়ে গেছে। হাসপাতালে নেওয়ার পথে ফিরোজ সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।