বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় গত বৃহস্পতিবার রাতে বোমা বানানোর সময় বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। এর মধ্যে একজনের বাঁ হাতের কবজি উড়ে গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৫০টি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে।
আহত ব্যক্তিরা পুলিশি হেফাজতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় তাঁদের সঙ্গে হাসপাতালে আসা দুজনকে পুলিশ আটক করেছে।
আহত ব্যক্তিরা হলেন রুস্তম মোড়লের টোলা গ্রামের শাকিল ওরফে সুমন (২৮), চরবাগডাঙ্গা ইউনিয়নের গড়াইপাড়া গ্রামের জাহিদুল ইসলাম (৪০) এবং একই গ্রামের আরিফ (৪০)। এর মধ্যে জাহিদুলের বাঁ হাতের কবজি উড়ে গেছে। তাঁর অস্ত্রোপচার করা হয়েছে। অন্য দুজনের শরীরের বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হয়েছে।
আহত ব্যক্তিদের সঙ্গে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন একই গ্রামের মাহফুজুর রহমান (২৮) ও হামিদুর রহমান (২৫)। গতকাল শুক্রবার সকালে তাঁদের আটক করে রাজশাহীর রাজপাড়া থানা-পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপপরিদর্শক মাহবুবুর রহমান বলেন, উপজেলার নারায়ণপুর ইউনিয়নের রুস্তম মোড়লের টোলা গ্রামে বৃহস্পতিবার গভীর রাতে বোমা তৈরির সময় বিস্ফোরণ ঘটে। এতে তিনজন আহত হন। আহত ব্যক্তিদের স্বজনেরা তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গতকাল ভোরে ঘটনাস্থলে যায়। সেখান থেকে ৫০টি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে রাজশাহীর রাজপাড়া থানা-পুলিশকে বিষয়টি জানানো হয়।
রাজপাড়া থানার ওসি মাহমুদুর রহমান বলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর থানা থেকে ফোন পেয়ে পুলিশ হাসপাতালে যায়। আহত ব্যক্তিদের পুলিশি হেফাজতে নেওয়া হয়। তাঁদের সঙ্গে আসা দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মাজহারুল ইসলাম সন্ধ্যা সাড়ে ছয়টায় বলেন, আটক দুই ব্যক্তিকে চাঁপাইনবাবগঞ্জে আনা হয়েছে।