বোমা বানানোর সময় আহত যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গত বুধবার রাতে বোমা বানানোর সময় গুরুতর আহত যুবক রহমত উল্লাহ ওরফে রকমতকে (২২) ঢাকার একটি ক্লিনিক থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার সকালে মোহাম্মদপুরের সেবা ক্লিনিকে গোপনে চিকিৎসা নেওয়ার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। এদিকে বিস্ফোরণের ঘটনায় পুলিশ বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেছে।
গ্রেপ্তারকৃত রহমত উল্লাহ উপজেলার হোনাবো এলাকার মৃত আবদুল হাইয়ের ছেলে। তিনি স্থানীয় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে এলাকাবাসী জানিয়েছে। তবে পুলিশ জানিয়েছে, রহমত জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। নাশকতার জন্য বোমা বানাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ৪ ফেব্রুয়ারি বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার হোনাবো এলাকায় ভুলতা ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ড সভাপতি লোকমান হোসেনের বিভিন্ন শিল্পকারখানার পরিত্যক্ত মালামালের গুদামে বোমা বানানোর সময় বিকট শব্দে বোমার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা লোকমানের গুদামের নিরাপত্তা প্রহরী রহমত উল্লাহ ও তাঁর তিন সহযোগী গুরুতর আহত হন। বিস্ফোরণের পরপরই রহমত উল্লাহ ও তাঁর সহযোগীরা গ্রেপ্তার এড়াতে চিকিৎসা নেওয়ার জন্য পালিয়ে যান। গুরুতর অবস্থায় রহমত উল্লাহ ঢাকার পঙ্গু হাসপাতালে গিয়ে জরুরি বিভাগের রেজিস্টি খাতায় নাম এন্ট্রি করলেও সেখান থেকে তিনি পালিয়ে যান। পরে গতকাল ভোরে রূপগঞ্জ থানা-পুলিশ ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত একটি বেসরকারি ক্লিনিক থেকে তাঁকে গ্রেপ্তার করে। বিস্ফোরণে তাঁর ডান হাতের একটি আঙুল পড়ে গেছে ও শরীরের বিভিন্ন স্থানে স্প্লিন্টার বিদ্ধ হয়েছে। পুলিশ ও সাংবাদিকেরা ঘটনাস্থলে যাওয়ার আগেই বিস্ফোরণস্থলের আলামত সরিয়ে ফেলা হয়।
এলাকাবাসী জানিয়েছে, বাবা-মায়ের মৃত্যুর পর রহমত উল্লাহ ওই এলাকায় (হোনাবো) তাঁর নানার বাড়িতে আশ্রিত ছিলেন। এ কারণে ওই এলাকায় সবাই তাঁকে ‘ভাগিনা রহমত’ হিসেবে ডাকেন।
এদিকে বিস্ফোরণের ঘটনায় ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বাদী হয়ে রহমত উল্লাহকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও তিন-চারজনকে আসামি করে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেছে।
রহমতের প্রতিবেশী আওয়ামী লীগ সমর্থক জাকির হোসেন মোল্লা সাংবাদিকদের জানান, আওয়ামী লীগের বিভিন্ন মিছিল-মিটিংয়ে রহমত উল্লাহ যেতেন। তাঁর বাবা মৃত আবদুল হাই ভুলতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।
তবে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান জানান, রহমত উল্লাহ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন। তাঁকে কোনো দিন ছাত্রলীগ বা আওয়ামী লীগের কোনো মিছিল-মিটিংয়ে দেখা যায়নি।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত রহমত উল্লাহ আগে পাশের মোর্তুজাবাদ গ্রামে মাদ্রাসায় পড়াশোনা করতেন। এর আগে তিনি স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। বর্তমানে জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে তাঁর সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে তাঁর কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তা প্রকাশ করা যাচ্ছে না।