বোমা বিস্ফোরণ চরমপন্থী সংগঠনের লিফলেট উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর সরকারি কলেজের প্রশাসনিক ভবনের পাশে গতকাল শনিবার সকালে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার আলামত ও চরমপন্থী সংগঠনের লিফলেট উদ্ধার করেছে।
নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শী কলেজের একজন শিক্ষার্থী জানায়, বেলা ১১টা ১০ মিনিটে তিনি প্রশাসনিক ভবনের পাশে শৌচাগারে যান। সেখানে অজ্ঞাত এক যুবক দাঁড়িয়ে ছিল। শৌচাগার থেকে বের হলে যুবকটি সেখানে ঢোকে। এর কিছুক্ষণ পরই সেখানে বোমা বিস্ফোরণ হয়। এ সময় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কলেজটিতে এইচএসসি পরীক্ষা চলছে। তবে গতকাল কোনো পরীক্ষা ছিল না।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম জানান, গত ১৪ সেপ্টেম্বর একই স্থান থেকে বোমা উদ্ধার করা হয়। ওই ঘটনায় তখন সদর থানায় জিডি করা হয়। এবার ওই স্থানেই বোমা বিস্ফোরণের ঘটল। পুলিশ ঘটনাস্থল থেকে বোমার আলামত হিসেবে জর্দার কোটা ও পাথরের টুকরা উদ্ধার করে নিয়ে গেছে। লিফলেটে চারু মজুমদারের সর্বহারা বাহিনীর আহ্বান এবং তাদের প্রয়াত নেতা মোফাখ্খার হোসেনের মৃত্যুবার্ষিকী পালনের ডাক দেওয়া হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের সন্ধানে তদন্ত ও আটক অভিযান শুরু করেছে।