বোমাবাজি, সংঘর্ষ কেন্দ্র দখলের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিক্ষিপ্ত বোমাবাজি, সংঘর্ষ, কেন্দ্র দখলের চেষ্টা, ব্যালট পেপার ছিনতাই ও কয়েকটি কেন্দ্রে ভোটারদের নৌকায় ভোট দিতে বাধ্য করার দৃশ্যমান তৎপরতার মধ্য দিয়ে শেষ হলো মাদারীপুরের কালকিনি উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন।

গতকাল শনিবার উপজেলার ঝুঁকিপূর্ণ ৬টি ইউনিয়নের অন্তত ১৮টি ভোটকেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে।
কালকিনির ১৫টি ইউনিয়নের মধ্যে দুটিতে সীমানা নির্ধারণের জটিলতার কারণে নির্বাচন হয়নি। একটিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আগেই। বাকি ১২টি ইউনিয়নের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে আওয়ামী লীগ মনোনীত ও এর বিদ্রোহী প্রার্থীদের মধ্যে। গতকালের নির্বাচনে দুই পক্ষকেই মাঠে সমান তৎপর দেখা যায়। জানা যায়, এই প্রার্থীদের প্রত্যেকে সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেন, স্থানীয় সাংসদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপের সমর্থনপুষ্ট। আটটি কেন্দ্রে বিএনপির প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে তাঁরা ছিলেন একপ্রকার অদৃশ্য।
গতকাল নির্বাচনের সকালটি শুরু হয় চরদৌলতখান ইউনিয়নের ৬ ও ৪ নম্বর ওয়ার্ডে ব্যাপক বোমাবাজির মধ্য দিয়ে। স্থানীয় লোকজন ও দুটি ওয়ার্ডে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানান, সকাল ৬টায় প্রথমে এক দফা বোমাবাজির পর ১০টার দিকে আরেক দফা বোমা ফাটিয়ে এই দুটি ওয়ার্ডের কেন্দ্র দখলের চেষ্টা করেন নৌকা প্রতীকের সমর্থকেরা। তাঁরা দুটি ভোটকেন্দ্র থেকে ভোটারদেরও তাড়িয়ে দেন।
সকাল সাড়ে ১০টায় ইউনিয়নের ঢাকিকান্দি গ্রামের কাছে জড়ো হওয়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল মান্নান সরদারের সমর্থকেরা অভিযোগ করেন, পাশের মাথাভাঙ্গা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে নৌকা প্রতীকের সমর্থকেরা তাঁদের তাড়িয়ে দিয়েছেন। নৌকার সমর্থকদের নিক্ষেপ করা বোমায় তাঁদের দুজন আহত হয়েছেন। ওই এলাকার সংরক্ষিত নারী আসনের প্রার্থী আসমা বেগম বলেন, ‘তাড়া খাইয়া নিজের ভোটডিও দিতে পারি নাই। আমার দুই এজেন্টরেও আটকায়া রাখছে।’
মাথাভাঙ্গা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনের রাস্তায় বেশ কয়েকটি বিস্ফোরিত বোমার চিহ্ন দেখা যায়। কেন্দ্রের ভেতরে ভোটারদের উপস্থিতি ছিল খুবই কম। এর মধ্যে একটি বুথে চেয়ারম্যান প্রার্থীর ব্যালটে প্রকাশ্যে সিল মারতে দেখা যায় কয়েকজন ভোটারকে। এঁদের একজন হচ্ছেন সাহাবুল সরদার। তিনি বলেন, ‘কী করব বলেন, ভাই? চেয়ারম্যানের ভোট সবার সামনে দেওয়ার ব্যাপারে দলের চাপ আছে।’
তবে ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শাহেদুল ইসলাম বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, ‘বোমাবাজির পর আমরা আধা ঘণ্টা ভোট গ্রহণ স্থগিত রেখেছিলাম। এখন পরিস্থিতি স্বাভাবিক।’
এর কিছুক্ষণ পর পাশের ৪ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চানমিয়া শিকদার তাঁর সমর্থকদের বিরুদ্ধে আনা বোমাবাজির অভিযোগ ও ভোটারদের ওপর চাপ প্রয়োগের অভিযোগ অস্বীকার করেন।
লক্ষ্মীপুর ইউনিয়নের কয়েক জায়গা থেকেও সংঘর্ষের খবর আসে। বেলা একটার দিকে সাহেবরামপুর বাজারে সরকারি গাড়ি নিয়ে জেলা পরিষদের প্রশাসক, পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাদের দেখা যায়। সেখানে কিছুক্ষণ পর ওই ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী কামরুল আহসানকেও দেখা যায়।
এদিকে প্রায় একই সময়ে কয়ারিয়া ইউনিয়নের ৭৬ নম্বর কয়ারিয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩০০ ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটে। কেন্দ্রে দায়িত্বরত শিবচর থানার উপপরিদর্শক আমির সোহেল প্রথম আলোকে বলেন, তিন দিক থেকে ওই কেন্দ্রে অতর্কিত ঢুকে পড়েন কয়েকজন যুবক। তাঁরা ব্যালট পেপারের তিনটি বই ছিনিয়ে নিয়ে যান। প্রতিটি বইয়ে ১০০ করে ব্যালট পেপার ছিল।
আমির সোহেল আরও জানান, এ সময় পুলিশ চারটি ফাঁকা গুলি ছোড়ে। ওই যুবকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে তিনিসহ তিনজন আহত হন।
তবে রাজৈর উপজেলার ছয়টি ইউনিয়নে অনুষ্ঠিত ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।