বোমার বিস্ফোরণ ঘটিয়ে ব্যবসায়ীকে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর সদর উপজেলার সোনাপুর গ্রামে ইউনুস আলী নামের এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে। গতকাল শুক্রবার রাত আটটার দিকে নিজ বাড়ির সামনে থেকে দুর্বৃত্তরা তাঁকে অপহরণ করে। এ সময় একটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
পুলিশ ও কয়েকজন স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, ইউনুস আলী (৩৮) তাঁর বাড়ির সামনে কয়েকজনের সঙ্গে বসে গল্প করছিলেন। রাত আটটার দিকে হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত তাঁর বাড়ির সামনে একটি বোমার বিস্ফোরণ ঘটায়। এতে আতঙ্কিত হয়ে লোকজন দৌড়ে পালিয়ে যান। এ সময় ইউনুসকে অস্ত্রের ভয় দেখিয়ে দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মেহেরপুর সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, ইউনুসকে কেন অপহরণ করা হয়েছে, এ বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তাঁকে উদ্ধারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।