বোমার সরঞ্জামসহ ছাত্রশিবিরের নেতা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলক্ষেতের নামাপাড়া এলাকা থেকে পুলিশ গতকাল বৃহস্পতিবার ভোরে বোমা তৈরির সরঞ্জামসহ ইমরান হোসেন নামে ইসলামী ছাত্রশিবিরের এক নেতাকে আটক করেছে। তিনি খিলক্ষেত থানা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক।
খিলক্ষেত থানার পুলিশ বলেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল ভোর পাঁচটার পর নামাপাড়া এলাকায় ছাত্রশিবিরের নেতা ইমরানের বাসায় পুলিশ অভিযান চালায়। পুলিশ ওই বাসা থেকে ৭০টি ককটেল, ১০টি কৌটা, দেড় কেজি গন্ধক, ২৫০ গ্রাম সোডা, দেড় কেজি গানপাউডার, ৬ কেজি ছোট পাথর, ১৪টি বাটুল, ১৫০টি তারকাঁটা, ১৫টি স্কচটেপ, দুটি ব্যানার, একটি ল্যাপটপ, ছাত্রশিবিরের সাতটি বই, চাঁদা আদায়ের রসিদ বই, ছাত্রশিবিরের কর্মী হওয়ার ফরম, সভা ও মিছিলের ভিডিও ও সিডি উদ্ধার করে।
পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মোস্তাক আহমেদ প্রথম আলোকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমরান বলেছেন, তিনি তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্র। নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে তিনি সংঘবদ্ধভাবে চেষ্টা চালাচ্ছিলেন। তাঁর সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পাঁচজন আটক: গত বুধবার রাতে তেজগাঁও এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাঁরা হলেন শামীম, মাসুম মিয়া ও দুলাল সরকার। ডিবি দাবি করেছে, এই তিনজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। তাঁদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক, একটি চাপাতি ও দুটি ছোরা উদ্ধার করা হয়েছে।