বোমাসহ জেএমবির তিন সদস্যকে আটকের দাবি
রাজশাহীর বাগমারায় বোমাসহ নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে আটকের দাবি করেছে র্যাব-৫।
আজ রোববার ভোররাতে উপজেলার বাসুপাড়া ইউনিয়নের সগুনা পূর্বপাড়া গ্রামের এক আমবাগান থেকে ওই তিনজনকে আটক করা হয় বলে র্যাবের ভাষ্য। র্যাবের দাবি, আটক হওয়া ব্যক্তিদের কাছ থেকে ১৬টি হাতবোমা, সাতটি পেট্রলবোমা ও আটটি জিহাদি বই উদ্ধার করা হয়েছে।
র্যাবের বিবরণ অনুযায়ী, আটক হওয়া ব্যক্তিরা হলেন—গোপালগঞ্জের আমিনুর রহমান ওরফে স্বপন (৩৫), গাজীপুরের আবু সাইদ ওরফে মানিক (২৮) ও নারায়ণগঞ্জের পিএম শাহীন শাহ ওরফে তানিন (৫২)।
র্যাব-৫-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) অলক বিশ্বাসের ভাষ্য, গত শনিবার রাতে জনৈক শামসুল হকের আমবাগানে অপরিচিত তিন ব্যক্তিকে দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তাঁরা র্যাবকে খবর দেন। র্যাবের একটি দল ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে। তাঁদের কাছে থেকে হাতবোমা, পেট্রলবোমা ও জিহাদি বই উদ্ধার করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য র্যাব-৫-এর রাজশাহী কার্যালয়ে আনা হয়েছে।
র্যাবের এক কর্মকর্তার দাবি, আটক হওয়া ব্যক্তিরা জেএমবির সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তাঁরা ৭ মার্চ অপ্রীতিকর ঘটনা ঘটানোর প্রস্তুতি নিচ্ছিলেন।
স্থানীয় কয়েকজন ব্যক্তি এই প্রতিনিধিকে বলেন, ভোররাতে তাঁরা চিৎকার-চেঁচামেচি শুনে ঘটনাস্থলে যান। সেখানে র্যাবের কিছু সদস্য ও অজ্ঞাত কয়েক ব্যক্তিকে দেখা যায়। অজ্ঞাত ব্যক্তিদের আগে কখনো দেখা যায়নি।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, ঘটনাটি শুনেছেন তিনি। এ ব্যাপারে আজ সকাল নাগাদ তাঁদের থানায় হস্তান্তর করা হয়নি। কোনো মামলাও হয়নি।