বোমায় ক্ষতবিক্ষত চার শিশুই স্কুলছাত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগরে বোমার বিস্ফোরণে চার শিশু আহত হয়েছে। উপজেলার নওয়াপাড়া গ্রামে মডেল কলেজ সড়কে আনিস সরদারের বাড়ির পুকুরপাড়ে আজ রোববার সকাল পৌনে নয়টার দিকে এ বিস্ফোরণ ঘটে। বোমাগুলো পরিত্যক্ত ছিল বলে পুলিশের ভাষ্য।
আহত শিশুরা হলো—অনিক, মুন্না, আশিক ও ফাতেমা। তাদের সবার বয়স সাত থেকে আট বছরের মধ্যে। তারা সবাই প্রথম শ্রেণির শিক্ষার্থী।
আহত হওয়া চার শিশুকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য পরে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ৯ নম্বর ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার গোলাম সাকলায়েন বলেন, সবার শরীর স্প্লিন্টারে ক্ষতবিক্ষত হয়েছে। তবে আপাতত কারও জীবন নিয়ে ঝুঁকি নেই।
বিস্ফোরণের স্থান পরিদর্শন শেষে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, সকালে ওই চার শিশু পুকুরপাড়ে তাল কুড়াতে গিয়েছিল। সেখানে পরিত্যক্ত একটি ব্যাগ পেয়ে তা নিয়ে খেলার একপর্যায়ে বিস্ফোরণ ঘটে। ব্যাগের মধ্যে বোমা ছিল বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করেছে।