বোমায় হাত উড়ে যাওয়া যুবকের বাড়ি থেকে বোমা উদ্ধার
রাজশাহীর পুঠিয়ায় গতকাল শনিবার বোমা তৈরির সময় হাত উড়ে যাওয়া যুবক আবদুল খালেকের বাড়ি থেকে বোমা ও অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
গতকাল রাত সাড়ে ১০টার দিকে চারঘাট উপজেলার গোপালপুর গ্রামে আবদুল খালেকের ভাই মাজেদুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে বোমা ও অস্ত্র উদ্ধার করে চারঘাট থানার পুলিশ। আবদুল খালেক ওই বাড়িতেই থাকেন।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ বলেন, পুঠিয়ার তাড়াস গ্রামে বোমা তৈরির সময় খালেকের হাত উড়ে যাওয়ার খবর পাওয়ার পর রাত সাড়ে ১০টার দিকে চারঘাট উপজেলার গোপালপুর গ্রামে অভিযান চালানো হয়। সেখানে ভাই মাজেদুলের বাড়িতে খালেক থাকেন। অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে দুটি বোমা, পাঁচটি নতুন চাপাতি, দুটি চায়নিজ কুড়াল, বোমা তৈরির জন্য কিছু বিস্ফোরক, তারসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ছাড়া ওই বাড়ি থেকে শাইখ আবদুল হালিমের লেখা দুটি জিহাদি বইয়ের ফটোকপিও জব্দ করা হয়। এ ঘটনায় খালেকের ভাবি ইসমত আরা, বাবা আবু বাক্কার ও মা ফাতিমা বেগমকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ করে রাতে তাঁর মা-বাবাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে ভাবি ইসমত আরাকে আটক রাখা হয়েছে।
ওসি আরও বলেন, জিজ্ঞাসাবাদে ইসমত আরা বলেছেন, তাঁর স্বামী মালয়েশিয়ায় চাকরি করেন। এলাকায় তাঁদের আমের ব্যবসা রয়েছে। খালেক চারঘাট এম এ হাদী কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণিতে পড়েন। পাশাপাশি ভাইয়ের ব্যবসা দেখাশোনা ও পুরোনো মোটরসাইকেল কেনাবেচা করেন।
ওসি নিবারণ চন্দ্র বর্মণ বলেন, খালেকের আপন চাচাতো ভাই লালন ওরফে আবদুল্লাহকে গত জুন মাসে তাঁর বাড়ি থেকে বোমাসহ গ্রেপ্তার করা হয়। জঙ্গিসংশ্লিষ্টতার মামলায় লালন সাত বছর জেল খেটে আসার পরে আবার ধরা পড়েন। লালন একজন জেএমবি সদস্য।
গতকাল রাতে রাজশাহীর পুঠিয়া উপজেলার তাড়াস গ্রামের সোহরাব হোসেনের বাড়িতে বোমা তৈরির সময় আবদুল খালেকের ডান হাতের কবজি ও বাঁ হাতের আঙুল উড়ে গেছে। এতে তাঁর বাঁ চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর অস্ত্রোপচার করা হয়েছে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, গতকাল রাতেই আবদুল খালেক, সোহরাব হোসেন, তাঁর জামাই বুলবুল ও ছেলে জাহিদুল ইসলামের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। সোহরাব হোসেনের স্ত্রী মাতোয়ারা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তিনি মামলার আসামি নন। তাই জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে ছেড়ে দেওয়া হবে।