বোয়ালখালীতে ডাকাতের হামলায় আহত দুই
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীল ইউনিয়নের জামতল এলাকায় ডাকাতের হামলায় দুই ব্যক্তি আহত হয়েছেন। গত শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন মো. শাহজাহান ও মো. আলমগীর। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল ইসলাম প্রথম আলোকে জানান, স্থানীয় ডাকাত জাকির সর্দার, তার ভাই ও সহযোগীরা এ হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। শুক্রবার রাতে কর্ণফুলী নদীর পাশে জামতল এলাকায় দাঁড়িয়ে গল্প করছিল শাহজাহান ও আলমগীর। এ সময় পাহারা দিচ্ছে মনে করে ডাকাত দলের সদস্যরা দুজনের ওপর হামলা করে। তাদের চিৎকারে গ্রামবাসী এগিয়ে এলে ডাকাতেরা পালিয়ে যায়।
জাকিরের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন ওসি। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।