বোয়ালখালীতে ডাকাতের হামলায় যুবক গুলিবিদ্ধ
চট্টগ্রামের বোয়ালখালীতে ডাকাতের গুলিতে খোরশেদ আলম নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। গত বুধবার রাতে উপজেলার চরণদ্বীপের খলিফাপুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। তবে পুলিশ দাবি করছে, জমি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে।
আহত খোরশেদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বজনেরা বলছেন, ডাকাতদের গুলিতে তিনি গুলিবিদ্ধ হয়েছেন।
চরণদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শোয়াইব রেজা প্রথম আলোকে বলেন, রাতে চরণদ্বীপ এলাকার খলিফাপুকুরপাড় এলাকায় ডাকাতির ঘটনা ঘটে। বাধা দিতে গেলে খোরশেদ আলমকে গুলি করে তারা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল ইসলাম জানান, ডাকাতদের গুলিতে খোরশেদ আলম গুলিবিদ্ধ হয়েছেন তা পুলিশ নিশ্চিত নয়। জমি নিয়ে বিরোধের জের ধরে তাঁর প্রতিপক্ষরা তাঁকে গুলি করেছে শুনেছি। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। খোরশেদের ডান হাতে গুলি লেগেছে।