বোয়ালখালীতে যৌতুকের জন্য গৃহবধূকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বোয়ালখালীতে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী, শ্বশুর ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার উপজেলার খরণদ্বীপ ইউনিয়নের শ্রীপুর গ্রামে যৌতুকের দাবিতে প্রিয়াঙ্কাকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে নিহত প্রিয়াঙ্কার পরিবার অভিযোগ করেছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল ইসলাম জানান, প্রিয়াঙ্কাকে বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা নির্যাতন করত। গত মঙ্গলবার সকালে প্রিয়াঙ্কাকে মৃত অবস্থায় বোয়ালখালী থেকে চট্টগ্রাম নগরের একটি ক্লিনিকে নিয়ে যায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। আর প্রিয়াঙ্কা গলায় কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে তাঁর পরিবারকে খবর দেওয়া হয়। আত্মহত্যার খবর পেয়ে প্রিয়াঙ্কার পরিবারের মনে সন্দেহ জাগে। লাশ দেখে তাঁরা নিশ্চিত হন, গলায় কাপড় পেঁচিয়ে প্রিয়াঙ্কাকে হত্যা করা হয়েছে। সন্ধ্যায় নিহত প্রিয়াঙ্কার পরিবার থানায় মামলা করে।
ওসি জানান, মামলা পর নগরের পাঁচলাইশ থানায় যোগাযোগ করা হয়। পরে তাঁদের সহায়তায় রাতে প্রিয়াঙ্কার স্বামী ও শ্বশুর-শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে।