বোয়ালখালীতে স্কুলছাত্র খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সাইদুল ইসলাম সায়েম (১৭) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী খুন হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বোয়ালখালীর গোমদণ্ডী এলাকার একটি পুকুর থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ বলছে, সহপাঠীর প্রেমে বাধা দেওয়ার কারণে সাইদুলকে হত্যা করা হয়। গ্রেপ্তার দুজন হলো সাইদুলের সহপাঠী মোবারক হোসেন জাবেদ (১৭) ও স্থানীয় রাজমিস্ত্রী মো. সোহেল (১৯)। তাদের বাড়ি পশ্চিম গোমদণ্ডী এলাকায়। নিহত সাইদুল একই এলাকায় নানাবাড়িতে থেকে পড়াশোনা করত।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুল ইসলাম বলেন, সাইদুলের সহপাঠী জাবেদ তার (সাইদুল) এক আত্মীয়ার সঙ্গে প্রেমের সর্ম্পক গড়ে তুলতে চেয়েছিল। কিন্তু সাইদুল এতে বাধা দেয়। এ ঘটনার জের ধরে সোমবার রাতে তাকে ডেকে নেয় মোবারক। কথা-কাটাকাটির একপর্যায়ে সোহেলের সহযোগিতায় সাইদুলের গলায় গামছা পেঁচিয়ে খুন করা হয়। এরপর লাশ পাশের পুকুরে ফেলে দেওয়া হয়। মঙ্গলবার সকালে পুকুরে লাশ ভেসে ওঠে।
ওসি জানান, এ ঘটনায় নিহত সায়েমের বাবা গতকাল হত্যা মামলা করেছেন। এরপর বিকেলে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তারা খুন করার কথা পুলিশের কাছে স্বীকার করেছে।