বোয়ালমারীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারীর চাঁদপুর মহিলা মার্কেটের সামনে গত শুক্রবার আবদুল জলিল (৪৮) নামের এক ক্ষুদ্র ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, উপজেলার গজারকান্দি গ্রামের হান্নান খানের ছেলে মেহেদী শুক্রবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে চাঁদপুর বাজারে আসছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আবদুল জলিলের ছেলে লিমন মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। হঠাৎ মোটরসাইকেলের হেডলাইটের আলো মেহেদীর চোখে পড়ে। এ নিয়ে দুজনের হাতাহাতি হয়। একপর্যায়ে মেহেদীর তিন বন্ধু লিমনকে মারপিট করেন। পরে জলিল ও লিমন মোটরসাইকেল নিয়ে ফেরার সময় তাঁদের লক্ষ্য করে ঢিল ছোড়েন মেহেদী। এ ঘটনায় জলিল ও লিমন মেহেদীকে ধাওয়া দেন। এ খবর পেয়ে রাত আটটার দিকে হান্নান খান চার-পাঁচজনকে সঙ্গে নিয়ে চাঁদপুর মহিলা মার্কেটের সামনে জলিলকে প্রথমে লাঠিপেটা করেন। এরপর ইট দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জলিলকে মৃত ঘোষণা করেন।
বোয়ালমারী থানার ওসি মো. আলী বিশ্বাস বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।