বোরহানউদ্দিনের প্যানেল মেয়রকে কুপিয়ে জখম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলার বোরহানউদ্দিন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র ইউসুফ হোসেনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাত পৌনে নয়টার দিকে পৌর শহরে এ ঘটনা ঘটে।
উপজেলার সাচড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল বাশার ও তাঁর সঙ্গীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আবুল বাশার মুঠোফোন বন্ধ রাখায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
ইউসুফ হোসেনের ছেলে মেহেদী হাসানসহ প্রত্যক্ষদর্শী চারজন জানান, বুধবার পৌর শহরে উপজেলা জামে মসজিদে এশার নামাজের পর একটি বিয়ের অনুষ্ঠান শেষে ইউসুফ বের হচ্ছিলেন। আবুল বাশারের নেতৃত্বে সাত-আটজন দা দিয়ে ইউসুফকে এলোপাতাড়ি কোপায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাঁকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়।