বোরো খেতে পানি সরবরাহ না করায় হামলা, পাঁচজন আহত
বরিশালের গৌরনদী উপজেলায় বোরো খেতে পানি সরবরাহ না করাকে কেন্দ্র করে হামলায় পাঁচজন আহত হয়েছেন। গত সোমবার খাঞ্জাপুর ইউনিয়নের পশ্চিম ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত তিনজনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার গৌরনদী থানায় একটি মামলা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে গৌরনদীর বিভিন্ন স্থানে অনেক আগেই বোরো চাষের জমি প্রস্তুত করা হয়েছে। কোথাও কোথাও চাষ শুরু হয়ে গেছে। পশ্চিম ডুমুরিয়া বোরো চাষ প্রকল্পের অধীনে থাকা কৃষক আইয়ুব অালী, আজাহার হোসেন, তালেব আলীসহ অনেকেই বলেন, মৌসুম শুরু হওয়ার পরেও এলাকাভিত্তিক বোরো প্রকল্পের ব্যবস্থাপক আশরাফ আলী সরদার জমিতে পানি সরবরাহ করছেন না। এ কারণে কৃষকেরা জমি তৈরি করতে পারছেন না।
স্থানীয় কয়েকজন বলেন, কৃষক মোকসেদ মোল্লা, রাজ্জাক ব্যাপারীসহ কয়েকজন কৃষক তাঁদের জমিতে পানি সরবরাহ করা হচ্ছে না কেন, এটা জানতে সোমবার দুপুরে আশরাফের বাড়ির উদ্দেশে রওনা হন। পথে ব্যাপারী বাড়ির কাছে তাঁদের সঙ্গে আশরাফের আলীর ভাতিজা রুবেল সরদারের এ নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সেটি হাতাহাতিতে গড়ায়।
ঘটনার জের ধরে ওই দিন সন্ধ্যায় রুবেল ও তাঁর সহযোগীরা মোকসেদ মোল্লার ওপর হামলা চালান। তাঁকে রক্ষা করতে তাঁর স্ত্রী ময়না বেগম, ভাই ছালাম মোল্লা, ভাতিজা ইমারাত মোল্লা ও জুলহাস মোল্লা এগিয়ে এলে তাঁদের ওপরও হামলা চালানো হয়। হামলাকারীরা তাঁদের পিটিয়ে ও কুপিয়ে জখম করেন। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অভিযোগের ব্যাপারে জানার জন্য আশরাফ আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তবে তাঁর ভাতিজা রুবেল সরদার হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, অনেক আগেই পানি সরবরাহ শুরু হয়েছে।
গৌরনদী থানার ওসি সাজ্জাত হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।