বোর্ডের ভুলে নকলার তিন শতাধিক পরীক্ষার্থী বিপাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা শিক্ষা বোর্ডের প্রবেশপত্রে ভুলের কারণে শেরপুরের নকলায় অনিয়মিত তিন শতাধিক জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার্থী বিপাকে পড়েছে। সেই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও অভিভাবকেরাও হয়রানির শিকার হচ্ছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় ও কেন্দ্রসচিব সূত্রে জানা গেছে, আগামী ১ নভেম্বর থেকে অনুষ্ঠেয় জেএসসি পরীক্ষায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ৩১৭ জন।

কয়েকজন পরীক্ষার্থী জানায়, তারা সারা বছর কেবল অকৃতকার্য হওয়া বিষয়গুলোই পড়েছে। সে অনুযায়ী ফরম পূরণও করেছে। কিন্তু বোর্ডের ভুলের কারণে তাদের প্রবেশপত্রে পরীক্ষার বিষয় হিসেবে সব বিষয়ের নাম উল্লেখ রয়েছে। তারা অবিলম্বে এ ভুল সংশোধনের জন্য বোর্ড কর্তৃপক্ষের কাছে আবেদন জানায়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবদুর রশিদ বলেন, শিক্ষা বোর্ডের কম্পিউটার অপারেটরদের অজ্ঞতা অথবা যান্ত্রিক ত্রুটির কারণে প্রবেশপত্রে এ ধরনের ভুল হয়ে থাকতে পারে। তবে বিষয়টি সংশোধনের জন্য বোর্ডের সঙ্গে যোগাযোগ করতে তিনি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের পরামর্শ দিয়েছেন বলে জানান।