বোয়ালখালীতে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা
চট্টগ্রামের বোয়ালখালীতে অস্ত্র উদ্ধার অভিযানে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় দুটি মামলা হয়েছে। গত শুক্রবার রাতে পুলিশ বোয়ালখালী ও নগরের বায়েজিদ বোস্তামী থানায় পৃথকভাবে মামলা দুটি করে।
গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরের আমিন জুট এলাকা থেকে বোয়ালখালী উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি মো. সাইফুদ্দিন ওরফে বাপ্পীকে অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ। পরে উদ্ধারের জন্য তাঁকে নিয়ে বোয়ালখালীতে অভিযানে যায় পুলিশ। সাইফুদ্দিনের বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের পর ফেরার পথে পুলিশের ওপর হামলা হয়। হামলাকারীরা সাইফুদ্দিনকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হন।
বায়েজিদ থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ মঈন উদ্দিন প্রথম আলোকে বলেন, বায়েজিদ থানায় অস্ত্র আইনে করা মামলায় সাইফুদ্দিনকে আসামি করা হয়েছে। বোয়ালখালী থানায় পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে করা মামলায় সাইফুদ্দিনের ভাই মো. সালাহউদ্দিনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী বলেন, পলাতক সাইফুদ্দিনকে এখনো ধরা সম্ভব হয়নি। তাঁকে ও তাঁর ভাইকে ধরার জন্য অভিযান চলছে।
নগরের আমিন জুট মিল এলাকা থেকে বৃহস্পতিবার রাতে সাইফুদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে দুটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ওই রাতেই বোয়ালখালীর সারোয়াতলীর চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযান শেষে ফেরার সময় বাড়ির আঙিনাতেই সাইফুদ্দিনের ছোট ভাই সালাহউদ্দিনের নেতৃত্বে ৫০-৬০ জন লোক হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নেয় বলে পুলিশ জানায়।