বোয়ালখালীতে উন্মত্ত যুবককে বাগে আনতে পুলিশের গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বোয়ালখালীতে কিরিচ নিয়ে হামলা করা এক যুবককে গুলি করে আটক করেছে পুলিশ। তাঁর নাম মো. ফোরকান (৩২)। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে পৌর সদরের মোজাহিদ চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ফোরকানের কিরিচের আঘাতে চার পুলিশসহ এক নারী আহত হয়েছেন। গুলিবিদ্ধ ফোরকানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কিরিচের আঘাতে আহতেরা হলেন, রেহানা আকতার, পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন, মো. নুরে আলম আহসান, কনস্টেবল মো. শফিক, তৌহিদ আলম। ফারুক হোসেন, রেহানা আকতার ও ফোরকানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার এক যুবক কিরিচ দিয়ে প্রতিবেশী এক নারীকে কুপিয়ে এলাকার লোকজনকে এলোপাতাড়ি ধাওয়া করছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তাঁদের দেখেই ফোরকান ক্ষিপ্ত হয়ে কিরিচ দিয়ে এলোপাতাড়ি কোপ দেয়। এতে চারজন আহত হন। পরে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে পুলিশের আরেকটি দল ঘটনাস্থলে যায়। তাঁরা স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা-কর্মী, সংবাদকর্মী ও এলাকাবাসীর সহায়তায় ফোরকানকে আটক করার চেষ্টা করেন। কিন্তু ফোরকান শান্ত না হওয়ায় পুলিশ ফোরকানকে গুলি করে নিরস্ত করে। তাঁকে আটক করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাঁর হাতে ও বুকে গুলি লেগেছে।
স্থানীয় পৌর কাউন্সিলর সুনিল চন্দ্র ঘোষ বলেন, বাড়িতে জায়গা-সংক্রান্ত বিরোধের জের ধরে তার প্রতিবেশী ও চাচাতো ভাই আকতারুজ্জামানের স্ত্রী রেহানা আকতারকে কুপিয়ে আহত করে। এ সময় রেহানাকে উদ্ধারে এলাকাবাসী এগিয়ে আসলে ফোরকান তাঁদের কিরিচ হাতে ধাওয়া দেয়। ফোরকান স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক বলে জানান তিনি।
এ ব্যাপারে বোয়ালখালী থানার ওসি বলেন, ফোরকান নামের এক যুবক কিরিচ দিয়ে কুপিয়ে চার পুলিশসহ পাঁচজনকে আহত করেছে। পরে এলাকাবাসীর নিরাপত্তায় ও তাঁদের অনুরোধে ফোরকানকে শটগানের রাবার বুলেট ছুড়ে আটক করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক উম্মে কুলসুমা বলেন, আহতের শরীরের কয়েকটি স্থানে স্প্লিন্টারের চিহ্ন দেখা গেছে। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।