বোয়ালখালীতে চালক-যাত্রী সংঘর্ষ, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অটোরিকশায় বাড়তি ভাড়া আদায়ের প্রতিবাদে গতকাল চট্টগ্রামের বোয়ালখালীর কধুরখীলে সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। ছবিটি বিকেল চারটায় কধুরখীলের খোকার দোকান এলাকা থেকে তোলা l প্রথম আলো
অটোরিকশায় বাড়তি ভাড়া আদায়ের প্রতিবাদে গতকাল চট্টগ্রামের বোয়ালখালীর কধুরখীলে সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। ছবিটি বিকেল চারটায় কধুরখীলের খোকার দোকান এলাকা থেকে তোলা l প্রথম আলো

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীল এলাকায় ভাড়া নিয়ে সিএনজিচালিত অটোরিকশার চালক ও যাত্রীদের মধ্যে গতকাল শুক্রবার সকালে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় কধুরখীল এলাকার সড়কে অবরোধ তৈরি করে স্থানীয় জনতা। গতকাল রাত ১০টা পর্যন্ত এই অবরোধ চলছিল।

গতকাল বিকেলে বোয়ালখালীর কধুরখীল এলাকায় গিয়ে দেখা গেছে, কধুরখীল সড়কের খোকার দোকান, অশ্বিনী চন্দ্রের বাড়ি, লালার দিঘির পাড় এলাকায় গাছের গুঁড়ি, চেয়ার-টেবিল ফেলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে।

স্থানীয় লোকজন জানান, ঈদুল ফিতর উপলক্ষে অটোরিকশাচালকেরা নির্ধারিত ভাড়ার চেয়ে পাঁচ টাকা করে বাড়তি নিয়েছেন। এখনো সেই বাড়তি ভাড়া বলবৎ রাখায় যাত্রীরা ক্ষুব্ধ। বাড়তি ভাড়া আদায়ের প্রতিবাদে কধুরখীলের স্থানীয় লোকজন সড়কে ব্যারিকেড দিয়েছেন। দুপুরে খবর পেয়ে বোয়ালখালী থানার পুলিশ এসে ব্যারিকেড তুলে দেয়। তবে দুপুরের পর আবার সড়ক অবরোধ করে স্থানীয় বাসিন্দারা।

কধুরখীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইদ্রিস মিয়া বলেন, যাত্রী এবং চালকদের মধ্যে হাতাহাতির ঘটনায় এলাকার সড়কে স্থানীয় বাসিন্দারা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। বিরোধ মীমাংসায় আজ শনিবার বিকেল চারটায় দুই পক্ষকে নিয়ে তিনি বৈঠক করবেন বলে জানান।

বোয়ালখালী থানার উপপরিদর্শক মাহমুদুল হাসান বলেন, এলাকাবাসী ও অটোরিকশাচালক সমিতির সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করা হয়েছে। তবে এরপরও সমস্যা থাকলে সেটা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

এ ব্যাপারে অটোরিকশা চালক সমিতির সভাপতি মো. কামাল উদ্দিন বলেন, পুলিশ বিষয়টি মীমাংসা করার পরও উচ্ছৃঙ্খল লোকজন গাড়ি ভাঙচুর করে ও চালকদের মারধর করে।