বোয়ালখালীতে ছাত্রলীগের নেতাসহ ৩ জনকে মারধর
চট্টগ্রামের বোয়ালখালীতে ছাত্রলীগের এক নেতাসহ তিনজনকে মারধর করা হয়েছে। গত মঙ্গলবার রাত নয়টার দিকে উপজেলার সারোয়াতলীর উত্তর কনজুরী গ্রামে এই ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন স্যার আশুতোষ সরকারি কলেজ ছাত্রলীগের একাংশের সভাপতি সঞ্জয় ভঞ্জ ওরফে জিতু, সারোয়াতলীর ছনদণ্ডী গ্রামের জিয়াউল হক ও পূর্ব গোমদণ্ডীর প্রদীপ বিশ্বাস। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় মাটি ব্যবসায়ী মো. খোকন ও আবুল মনছুর মানিক বলেন, সঞ্জয় ভঞ্জের নেতৃত্বে ১০-১২ জন সন্ত্রাসী ৪টি মোটরসাইকেলযোগে এসে তাঁদের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় সন্ত্রাসীরা মাটি কাটার শ্রমিক এরশাদকে মারধর করে। পরে সন্ত্রাসীরা একজনকে অপহরণের চেষ্টা করে। এ সময় তাঁদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে সন্ত্রাসীদের ধরে পিটুনি দেয়। একপর্যায়ে সন্ত্রাসীরা তাদের তিনটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। সন্ত্রাসীদের ফেলে যাওয়া মোটরসাইকেল এলাকার জনগণ পোপাদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেছেন।
চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে আহত সঞ্জয় ভঞ্জ বলেন, খোকন ও মানিকের নেতৃত্বে সারোয়াতলীর কানুর দিঘিরপাড় এলাকায় ৩০ জন সন্ত্রাসী অতর্কিতে তাঁদের ওপর হামলা চালায়। হামলাকারীরা তিনটি মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়।
স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী খোকন ও মানিকের নেতৃত্বে একটি পক্ষ এবং সঞ্জয় ভঞ্জের নেতৃত্বে আরেকটি পক্ষ এলাকায় মাটি বিক্রির ব্যবসা করে আসছে। সম্প্রতি খোকন ও মানিক মাটি কাটার জন্য এক্সকাভেটর ব্যবহার শুরু করেন। এতে তাঁদের ব্যবসা রমরমা হয়ে ওঠে। অন্যদিকে সনাতন পদ্ধতিতে মাটি কেটে ব্যবসা করা সঞ্জয় ভঞ্জের ব্যবসায় মন্দা দেখা দেয়। এরপর সঞ্জয় ক্ষুব্ধ হয়ে চাঁদা দাবি করেন।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দীন চৌধুরী বলেন, তাঁরা এই ঘটনায় কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সঞ্জয় ভঞ্জ উপজেলার উদীয়মান ফুটবলার আমিনুল ইসলাম আজাদ হত্যা মামলার অন্যতম আসামি।