বোয়ালখালীতে হামলায় সাত নারীসহ আহত ৮
জমি নিয়ে বিরোধের জের ধরে চট্টগ্রামের বোয়ালখালীতে এক প্রবাসীর বাড়িতে সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগ উঠেছে। হামলায় সাত নারীসহ আটজন আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে উপজেলার পূর্বগোমদন্ডী এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযান চালিয়ে নয় নারীসহ ১১ জনকে আটক করেছে।
সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন কোহিনুর বেগম (৫২), রেহানা আক্তার (৩৮), বিলকিস আক্তার (৩৫), নাসরিন সুলতানা (৩০), পারভিন আক্তার (৩৮), শামসুন্নার (৪৫), জেবুন্নেছা খানম (৩৫)ও সফদর আলী (৩৮)। তাঁরা সবাই একই বাড়ির বাসিন্দা।
পুলিশ সূত্র জানায়, উপজেলা সদরের পূর্বগোমদন্ডী এলাকার প্রবাসী মো. জাহাঙ্গীর আলমের সঙ্গে স্থানীয় শাহজাহানের জমি নিয়ে বিরোধ রয়েছে। এর জের ধরে শাহজাহানের সমর্থনে গতকাল দুপুরে একদল নারী-পুরুষ লাঠিসোঁটা নিয়ে জাহাঙ্গীর আলমের বাড়িতে হামলা চালান। এতে আটজন আহত হন।
এ ঘটনায় গতকাল সন্ধ্যায় বোয়ালখালী থানায় জাহাঙ্গীর আলমের পরিবারের পক্ষে ১৬ জনকে আসামি করে মামলা করা হয়েছে। আসামিদের মধ্যে বেশির ভাগ নারী বলে পুলিশ জানায়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, ‘সন্ত্রাসী কাজে নারীদের ব্যবহার দেখে আমরা অবাক হয়েছি। আমরা ঘটনাস্থল থেকে নয় নারীসহ ১১ জনকে আটক করেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’