বোয়ালমারীতে কৃষক খুন, স্ত্রী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় নিজ বাড়িতে খুন হয়েছেন কৃষক মো. শাহাদাত হোসেন (৪৫)। পুলিশ ওই কৃষকের স্ত্রী সাহিদা বেগমকে (২৮) আটক করেছে। গতকাল বুধবার সকাল আটটার দিকে বোয়ালমারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কুশাডাঙ্গা মহল্লায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, স্ত্রীর মৃত্যুর পর বছর খানেক আগে শাহাদাত হোসেন উপজেলার পরমেশ্বর্দী ইউনিয়নের শ্রীনগর গ্রামের মৃত আক্তার শেখের মেয়ে সাহিদা বেগমকে বিয়ে করেন। বিয়ের পর বোয়ালমারী পৌরসভার কুশাডাঙ্গা মহল্লায় নিজ বাড়িতে স্ত্রীকে নিয়ে বসবাস করতেন শাহাদাত।

শাহাদাতের দুই চাচাতো ভাই কলেজছাত্র পলাশ হোসেন (২২) ও কৃষক বিল্লাল হোসেন (২৪) জানান, গতকাল সকালে শাহাদাত ও সাহিদা ঘরের বাইরে বের না হওয়ায় তাঁদের সন্দেহ হয়। তাঁরা শাহাদাতের বাড়ি গিয়ে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে ভেড়ানো দরজা ধাক্কা দিতেই দরজাটি খুলে যায়। ঘরের ভেতরে গিয়ে তাঁরা দেখতে পান, শাহাদাতের লাশ বিছানার ওপর পড়ে রয়েছে। তাঁরা ঘরের মধ্যে শাহাদাতের স্ত্রী সাহিদাকেও খুঁজে পাননি। পরে তাঁরা বিষয়টি বোয়ালমারী থানায় খবর দেন।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নের দাদপুর গ্রাম থেকে সাহিদাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাহিদা বেগম এ হত্যার দায় স্বীকার করেছেন।

সাহিদা বলেছেন, পারিবারিক কলহের জেরে রাগের মাথায় শাহাদাতের মাথায় শাবল দিয়ে আঘাত করায় তাঁর মৃত্যু হয়। স্ত্রীর স্বীকারোক্তি অনুযায়ী শাহাদাতের বাড়ি থেকে রক্তমাখা শাবলটি উদ্ধার করা হয়েছে।