বোয়ালমারীতে খাস জমি দখল, আ.লীগের কার্যালয় নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরর্দী ইউনিয়নের ময়েনদিয়া বাজারে সরকারি জমি (খাস) দখলের অভিযোগ পাওয়া গেছে। সেখানে আওয়ামী লীগের কার্যালয় নির্মাণ করা হয়েছে।
গত মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, ময়েদনিয়া বাজার-বোয়ালমারী আঞ্চলিক সড়কের দক্ষিণ পাশে ইউনিয়ন ভূমি কার্যালয়। উত্তর পাশে পরমেশ্বরর্দী ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাইনবোর্ড টাঙানো একটি টিনের ঘর। প্রায় ১৫ হাত চওড়া ও ৪০ হাত লম্বা জায়গা দখল করে সিমেন্টের খুঁটি দিয়ে ও টিনের ছাউনি দিয়ে ঘরটি নির্মাণ করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই বাজারের সাতজন ব্যবসায়ী প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের স্থানীয় নেতা হিসেবে পরিচিত সৈয়দ বিশ্বাস, মান্নান মাতুব্বর ও সুবির সাহা এ কার্যালয় নির্মাণ করেছেন। আপাতত এটি দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করলেও পরে ওই ব্যক্তিরা নিজেরাই জমিটির ভোগদখল করবেন।
ইউনিয়ন ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, ৩৩৩ নম্বর দাগের ওই জমিটি ৮ শতাংশ। এর প্রায় ৩ শতাংশ দখল করে ওই দলীয় কার্যালয় নির্মাণ করা হয়েছে।
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. আব্দুল কুদ্দুস খান বলেন, ‘বৃহস্পতিবার (২৯ জুন) বিকেলে আমরা অফিস বন্ধ করে যাই। তখন পর্যন্ত ওই ঘরের কোনো অস্তিত্ব ছিল না। পরে রোববার সকালে এসে দেখতে পাই সরকারি ওই জায়গাটি দখল করে ঘরটি নির্মাণ করা হয়েছে। আওয়ামী লীগের কার্যালয় হিসেবে সাইনবোর্ড টাঙানো হয়েছে।’ তিনি আরও বলেন, ‘বিষয়টি আমি ওই দিনই বোয়ালমারীর সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসানকে অবহিত করি। তিনি বলেন, যেন আমি এ কাজের সঙ্গে জড়িত ব্যক্তিদের ডেকে আগামী দুই দিনের মধ্যে ওই স্থাপনা সরিয়ে নিতে বলি। গত সোমবার দুপুরে আমি সৈয়দ বিশ্বাস, মান্নান মাতুব্বর ও সুবির সাহাকে স্থাপনা সরিয়ে নিতে বলি।’
পরমেশ্বরর্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নূরুল আলম বলেন, ‘আমি আওয়ামী লীগের মনোনীত নির্বাচিত চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য। দলীয় নির্দেশনা রয়েছে, কোনো সরকারি জায়গা বা কোনো ব্যক্তিমালিকানাধীন জায়গা দখল করে আওয়ামী লীগের কার্যালয় করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করা যাবে না। কিন্তু ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইউপি সদস্য সৈয়দ বিশ্বাস নিজেকে আওয়ামী লীগার পরিচয় দিয়ে দলীয় কার্যালয়ের নামে এই ঘর নির্মাণ করেছেন। আমি চাই অবিলম্বে এই স্থাপনা সরিয়ে নেওয়া হোক।’
‘আমার সহযোগিতায় আওয়ামী লীগের ওই কার্যালয় নির্মাণ করা হয়েছে’ মন্তব্য করে ইউপি সদস্য সৈয়দ বিশ্বাস বলেন, ‘আমি একা এ কাজ করিনি। আরও অনেকে আমার সঙ্গে যুক্ত আছেন। তবে সরকারি কোনো অনুমতি নেওয়া হয়নি। আমরা এখন সরকারি অনুমতি নেওয়ার চেষ্টা করব।’
নিজেকে ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি পরিচয় দিয়ে সৈয়দ বিশ্বাস বলেন, ‘আমি আগে ওয়ার্ড বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য ছিলাম। কিন্তু তিন বছর আগে আওয়ামী লীগে যোগ দিই। আমি এখন একজন আওয়ামী লীগার।’