বোয়ালমারীতে ভিজিডি কার্ড বিতরণে টাকা নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নে ভিজিডি কার্ড বিতরণে টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই ইউনিয়নের সচিব নির্মাণ বিশ্বাস কার্ডধারীদের কাছ থেকে এ টাকা নিয়েছেন বলে অভিযোগ করেছেন কার্ডধারী কয়েকজন নারী। ইউপি সচিব নির্মাণ বিশ্বাস পরোক্ষভাবে টাকা নেওয়ার কথা স্বীকারও করেছেন।
মহিলা অধিদপ্তর পরিচালিত ২০১৭-১৮ অর্থবছরে ওই ইউনিয়নে মোট ২৪৯ জন নারীকে ভিজিডি (ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট) কার্ড দেওয়া হয়। কর্ডধারী নারীদের প্রতি মাসে ৩০ কেজি করে চাল দেওয়ার কথা। গত সোমবার শেখর ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবন থেকে এ কার্ডগুলো বিতরণ করা হয়।
ওই ইউনিয়নের ভিজিডি কার্ডধারী কয়েকজন নারী অভিযোগ করেছেন, কার্ড নেওয়ার সময় শেখর ইউপির সচিব নির্মাণ বিশ্বাস ফটোকপি ও কম্পিউটার খরচের কথা বলে প্রত্যেকের কাছ থেকে ১০০ টাকা নিয়েছেন। এভাবে ইউনিয়নের ২৪৯ জন কার্ডধারীর কাছ থেকে মোট ২৪ হাজার ৯০০ টাকা নেওয়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে কার্ডধারী চার নারী বলেন, ১০০ টাকা না দিলে সচিব কার্ড দিতে অপারগতা জানান। তাই বাধ্য হয়ে টাকা দিয়ে তাঁদের কার্ড নিতে হয়েছে।
এ ব্যাপারে ইউপি সচিব নির্মাণ বিশ্বাস গত বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমাদের পরিষদের আয় কম। জনগণের ওপর কর ধরা হয় না। তবে এ কাজে তালিকা তৈরি করা থেকে কার্ড বিতরণ পর্যন্ত পরিষদের অনেক টাকা খরচ হয়েছে। তাই ইউপি সদস্যদের মাধ্যমে কার্ডধারীরা যে যা পারেন, সে হিসেবে টাকা নেওয়া হয়েছে।’ তিনি দাবি করেন, কার্ড বিতরণের সময় যে টাকা নেওয়া হয়েছে, তা গড়ে মাথাপিছু ৫০ টাকার বেশি পড়েনি।
উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ইলা রানী কুণ্ডু বলেন, ‘কার্ড বিতরণ করে টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। তা ছাড়া এখানে ফটোকপি বা কম্পিউটার খরচের কোনো বিষয় নেই। আমি এ অভিযোগ তদন্ত করে দেখার জন্য ওই ইউপি চেয়ারম্যানকে বলেছি।’