বোয়ালমারীতে সংঘর্ষে ছয়জন আহত
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বনচাকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে ওই বিদ্যালয় চত্বরে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত কলেজছাত্র উলফাত মৃধাকে (২১) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও ফুল মিয়াকে (৩৫) বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সফিকুল ইসলাম বলেন, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন উপলক্ষে মঙ্গলবার স্কুলে সভা আহ্বান করা হয়। সভার শেষ পর্যায়ে বনচাকী গ্রামের শহিদুল ইসলাম নিজে সদস্য হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করলে একই গ্রামের মতিয়ার রহমান তাঁকে জামায়াত-সমর্থক দাবি করে কমিটিতে অন্তর্ভুক্ত করতে আপত্তি জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় বনচাকী গ্রামের বিএনপির নেতা নান্নু মৃধা ও উপজেলা আওয়ামী লীগের সদস্য জালাল শিকদার পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের ছয়জন আহত হন। বোয়ালমারী ওসি মিজানুর রহমান বলেন, সংঘর্ষের ঘটনায় গতকাল দুপুর পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি।