বৌদ্ধ ও তাদের পরিচালিত প্রতিষ্ঠান বন্ধের হুমকি, কাফরুল থানায় জিডি
বৌদ্ধ ও তাদের পরিচালিত মিরপুর ১৩ নম্বর সেকশনের বনফুল আদিবাসী গ্রিন হার্ট কলেজসহ সব প্রতিষ্ঠান বন্ধের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কলেজটির অধ্যক্ষ গতকাল বুধবার কাফরুল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডির তদন্তকারী কর্মকর্তা কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) রোকনুজ্জামান বলেন, তদন্ত শুরু হয়েছে। কাফরুল থানার পুলিশ বলেছে, আদিবাসী গ্রিন হার্ট কলেজ ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
জিডিতে বলা হয়, মিরপুর-১৩ নম্বর সেকশনের আহছানউল্লাহ রোডে শাক্যমুনি বৌদ্ধবিহার পরিচালিত বনফুল আদিবাসী গ্রিন হার্ট কলেজ সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। কয়েক দিন ধরে চলা মিয়ানমারের রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে ৫ সেপ্টেম্বর ‘সবুজছায়া সোশ্যাল ওয়েলফেয়ার’ নামের একটি ফেসবুক আইডি থেকে কলেজটির বিরুদ্ধে উসকানি দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। জিডির সঙ্গে ফেসবুকের পোস্টের তিনটি স্ক্রিনশট সংযুক্ত করে দেওয়া হয়েছে।
ওই পোস্টে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে বসবাসকারী বৌদ্ধদের সবকিছু বন্ধ করে দিতে হবে। তাদের পরিচালিত স্কুল ও ব্যবসাপ্রতিষ্ঠানে তালা দিতে হবে। তাদের জন্য খাদ্য ও বস্ত্র সরবরাহ বন্ধ করে দিতে হবে। এই বার্তার শেষে এক নম্বর টার্গেট হিসেবে শাক্যমুনি বৌদ্ধবিহার ও বনফুল আদিবাসী গ্রিন হার্ট কলেজের নাম উল্লেখ করা হয়েছে।