বৌদ্ধ ভিক্ষু হত্যা মামলায় তিন জঙ্গিকে গ্রেপ্তার দেখানো হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড ও কুমিল্লায় গ্রেপ্তার হওয়া তিন জঙ্গিকে আজ সোমবার বান্দরবানের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। গত বছরের ১৪ মে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারি উপর চাকপাড়ার বৌদ্ধ ভিক্ষু হত্যা মামলায় গ্রেপ্তার দেখাতে তাঁদের আদালতে আনা হয়। তিন জঙ্গিই বাইশারি ইউনিয়নের বাসিন্দা। 

জঙ্গি তিনজন হলেন সীতাকুণ্ডের আমিরাদ এলাকার ১৫ মার্চ সাধন কুটিরে গ্রেপ্তার হওয়া দম্পতি—জহিরুল হক ওরফে জসীম উদ্দিন ও তাঁর স্ত্রী রাজিয়া সুলতানা ওরফে আরজিনা এবং কুমিল্লার চান্দিনায় ৮ মার্চ বাসে বোমা ছুড়ে পালানো সময় গ্রেপ্তার হওয়া মোহাম্মদ হাসান।
বান্দরবান জেলা কারাগারের তত্ত্বাবধায়ক হোসাইন মুহাম্মদ আল-মুযাহিদ বলেছেন, আদালতে হাজিরা দিতে তাঁদের রোববার রাতে চট্টগ্রাম কারাগার থেকে বান্দরবান জেলা কারাগারে আনা হয়। আজ আদালতে পুলিশি প্রহরায় তাঁদের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মোহাম্মদ আবু হানিফের আদালতে হাজির করা হয়।
পুলিশ কর্মকর্তা (জিআরও) জাহাঙ্গীর আলম জানান, নাইক্ষ্যংছড়ি বৌদ্ধ ভিক্ষু হত্যা মামলাটি এখন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে। তাঁরা তিন জঙ্গিকে ওই মামলায় গ্রেপ্তারের জন্য আদালতে আবেদন করেন। আদালত পিবিআইয়ের আবেদন মঞ্জুর করেছেন এবং তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মামলার পরবর্তী তারিখ ১৯ জুন নির্ধারণ করেছেন।
মামলা তদন্ত কর্মকর্তা কক্সবাজার পিবিআই পরিদর্শক মোজাম্মেল হক চৌধুরীর সঙ্গে গতকাল যোগাযোগ করে পাওয়া যায়নি। তবে সম্প্রতি তিনি বলেছেন বৌদ্ধ ভিক্ষু হত্যার রহস্য এখনো উদ্‌ঘাটন করা সম্ভব হয়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিন জঙ্গি হত্যার অভিযোগ অস্বীকার করেছেন। আরও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদে তাঁদের রিমান্ডে আনা হবে।
বান্দরবানের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেছেন, জঙ্গিরা এখনো বৌদ্ধ ভিক্ষুকে হত্যার কথা স্বীকার করেননি।