ব্যক্তিগত গাড়িসহ ১৯২ বোতল বিয়ার উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জয়মন্টপ বাসস্ট্যান্ড এলাকায় একটি ব্যক্তিগত গাড়িতে তল্লাশি চালিয়ে গত শুক্রবার ১৯২ বোতল বিয়ার উদ্ধার করেছে পুলিশ। গাড়িটি স্থানীয় সাংসদ মমতাজ বেগমের ব্যক্তিগত সহকারী ওবায়দুর রহমান ব্যবহার করতেন বলে জানা গেছে।
ওবায়দুর সিঙ্গাইরে মাদকের বড় ব্যবসায়ী বলে জানিয়েছেন সিঙ্গাইর থানা-পুলিশের এক কর্মকর্তাসহ স্থানীয় যুবলীগের একাধিক নেতা। ওবায়দুর এসব অভিযোগ অস্বীকার করলেও গাড়িটি ব্যবহার করার কথা স্বীকার করেছেন।
ঢাকা ও মানিকগঞ্জ জেলা-পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর মহাখালী থেকে একটি ব্যক্তিগত গাড়িতে বিপুল পরিমাণ বিয়ার, ফেনসিডিল ও ইয়াবা বড়ি সিঙ্গাইরের জয়মন্টপ যাবে—এ খবর পেয়ে গত শুক্রবার রাতে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজীম সাভারের হেমায়েতপুর এলাকায় অবস্থান নেন। ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর হয়ে মাদকের ওই চালানটি জয়মন্টপ বাসস্ট্যান্ডে জাফর স্টোরে যাওয়ার কথা ছিল। তিনি গাড়িটি আটক করতে ব্যর্থ হয়ে মানিকগঞ্জের পুলিশ সুপারকে বিষয়টি জানান। পরে পুলিশ সুপার বিধান ত্রিপুরার নির্দেশে সিঙ্গাইর থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম সরদার রাত সাড়ে ১০টার দিকে জয়মন্টপ থেকে গাড়িটি আটক করেন। এর আধা ঘণ্টা পর সেখানে যান থানার পরিদর্শক (তদন্ত) এম এ হক।
এম এ হক জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে গাড়ি থেকে আট বাক্স বিয়ার উদ্ধার করেন। ওই সব বাক্সে মোট ১৯২ বোতল বিয়ার ছিল। কাউকে আটক করতে না পারায় মাদকসহ গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার দেখিয়ে এসআই শহীদুল ইসলাম সরদার গতকাল সিঙ্গাইর থানায় মামলা করেন।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীরা জানান, আটকের সময় ওই গাড়ির চালক কহিনূর এবং জাফর স্টোরের মালিক জাফর হোসেনসহ আরও এক ব্যক্তিকে তাঁরা ওই গাড়িতে দেখেছেন।
জয়মন্টপ বাসস্ট্যান্ড বণিক সমিতির সাধারণ সম্পাদক সেলিম রেজা জানান, গাড়িটি আটকের কয়েক মিনিটের মধ্যে তাঁরা জাফরসহ তিনজনকে দ্রুত ওই এলাকা ছাড়তে দেখেছেন। জয়মন্টপের লোকজনসহ সিঙ্গাইর থানা যুবলীগের একাধিক নেতা-কর্মী জানান, দীর্ঘদিন ধরে জাফর মাদক ব্যবসা করে আসছেন। তাঁর দোকানে ফাস্টফুড বিক্রির আড়ালে মূলত নানা ধরনের মাদক বিক্রি হয়ে থাকে। কিন্তু ভয়ে তাঁকে কেউ কিছু বলতে সাহস পান না। কারণ জাফর সাংসদ মমতাজ বেগমের ব্যক্তিগত সহকারী ওবায়দুর রহমানের আত্মীয় এবং প্রতিবেশী।
ওবায়দুর রহমান বলেন, ‘বিয়ারসহ আটক গাড়িটি আমি ভাড়া নিয়ে ব্যবহার করতাম। মাদক ব্যবসার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’ তবে এ ব্যাপারে কথা বলতে জাফর হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।