ব্যক্তিগত গাড়িতে ছাগল চুরির চেষ্টা, গ্রেপ্তার ৫
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শ্রীসূর্য এলাকায় ব্যক্তিগত গাড়িতে তুলে পাঁচটি ছাগল চুরির সময় পাঁচ চোরকে আটক করেছে এলাকাবাসী। গত সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। গতকাল তাঁদের ছাগল চুরির চেষ্টার অভিযোগে করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তার পাঁচ ছাগল চোর হলেন কিশোরগঞ্জের জাহাঙ্গীর ওরফে শরীফ (২৫), কুলাউড়ার জুয়েল আহমদ(২২), আক্কাজ মিয়া, বড়লেখার ইউসুফ আহমদ (২৫), ও ফারুক আহমদ (২১)। ওই দিন সন্ধ্যা সাড়ে সাতটায় এলাকাবাসী তাঁদের শমশেরনগর পুলিশ ফাঁড়িতে সোপর্দ করেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় শ্রীসূর্য এলাকায় এলজিইডির সড়কের পাশ থেকে আটককৃতরা পাঁচটি ছাগল ধরেন। একপর্যায়ে তাঁরা সেগুলো কার্টনের ভেতরে ঢুকিয়ে ব্যক্তিগত গাড়িতে (ঢাকা মেট্রো-গ ১১-৭০৬৯) তোলেন। পরে গাড়ি নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী শমশেরনগর-কুলাউড়া সড়কের সরিষতলা এলাকায় ওই গাড়ির গতিরোধ করেন। এ সময় তাঁরা তল্লাশি চালিয়ে পাঁচটি কার্টন থেকে পাঁচটি ছাগল উদ্ধার এবং পাঁচ চোরকে আটক করে পতনঊষার ইউনিয়ন পরিষদের কার্যালয়ে নিয়ে যান। এর আগে ক্ষিপ্ত জনতা পাঁচ চোরকে হালকা গণপিটুনি দেন।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক সৈয়দ নাসির উদ্দিন বলেন, এখন পর্যন্ত দুটি ছাগলের মালিক পাওয়া গেছে। ছাগল চুরির ঘটনায় আটক পাঁচ ব্যক্তির বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার তাঁদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।