ব্যক্তিগত গোপনীয়তায় আড়িপাতার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রীয় সংস্থাগুলো মানুষের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করছে। ফোনে আড়িপাতা থেকে শুরু করে সব ধরনের ইলেকট্রনিক ও যান্ত্রিক মাধ্যম কাজে লাগিয়ে চলছে গোপন নজরদারি। রাষ্ট্র আইন করে মানুষের সাংবিধানিক অধিকার ক্ষুণ্নের সুযোগ করে দিয়েছে সংস্থাগুলোকে।

আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে ব্যক্তিগত তথ্য সুরক্ষা অধিকার–বিষয়ক জাতীয় সম্মেলনে এ অভিযোগ ওঠে। ভয়েস এবং প্রাইভেসি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম, ক্যাম্পেইন অন সিটিজেন রাইট টু ইনফরমেশন, ইক্যুইটি অ্যান্ড জাস্টিস ওয়ার্কিং গ্রুপ, অনলাইন নলেজ সোসাইটি, সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) এবং স্কুল অব কমিউনিকেশনস অ্যান্ড কালচারাল মেটাফিজিক্স এই সম্মেলনের আয়োজন করে।
আলোচকেরা বলেন, টেলিকম অ্যাক্ট ৯৭-তে আটটি সংস্থাকে ফোনে আড়িপাতার ক্ষমতা দেওয়া হয়েছে। সংস্থাগুলো খেয়ালখুশিমতো আড়ি পেতে পাওয়া তথ্য প্রচার করছে। জার্মান সাংবাদিকের সঙ্গে মোশরেফা মিশুর কথোপকথন বাজারে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু নারায়ণগঞ্জে সাত খুনের আসামি নূর হোসেন নির্বিঘ্নে দেশ ছেড়ে পালাতে পেরেছেন। সে বিষয়টি প্রকাশ করা হয়নি। বিরোধীদলীয় নেতা-কর্মীদের কথোপকথন শোনা যাচ্ছে। একই অস্ত্র পরে তাদের বিরুদ্ধেও ব্যবহার হতে পারে। সম্মেলনে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় ১৪ বছরের জেল ও এক কোটি টাকা জরিমানার বিধান রাখার তীব্র সমালোচনা করা হয়।

নাগরিক ঐক্যের সমন্বয়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমার ব্যক্তিগত তথ্যের সুরক্ষা ও রাষ্ট্রীয় সুরক্ষা, দুইই জরুরি। কিন্তু রাষ্ট্র যখন ব্যক্তির অধিকার গিলে খেতে থাকে, তখন অবশ্যই ব্যক্তির পক্ষে দাঁড়াতে হবে।’ তথ্যপ্রযুক্তি আইন ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বাদামবিক্রেতা ও তাঁর ছেলেকে যখন হেনস্তা করা হবে, তখন অবশ্যই তাদের পক্ষে দাঁড়াতে হবে।

বিশেষ অধিকার–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য রুস্তম আলী ফরাজী বলেন, ব্যক্তিগত তথ্য সুরক্ষার জন্য আইন প্রণয়ণের প্রয়োজন রয়েছে। তবে, আইনের পাশাপাশি নৈতিকতার উন্নয়ন ও আইনের প্রয়োগ জরুরি।

আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, মতপ্রকাশের অধিকার নিয়ে কাজ করে এমন একটি প্রতিষ্ঠান ‘আইফেক্স’ গত ৪ সেপ্টেম্বর প্রাইভেসি ইন্টারন্যাশনাল ও ওয ম্যাগাজিনকে উদ্ধৃত করে একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে বলা হচ্ছে, বাংলাদেশের র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের একটি প্রতিনিধিদল সুইজারল্যান্ডের জুরিখে নিওসফট নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করেছে। ফোনে আড়ি পাততে অত্যাধুনিক যন্ত্র কেনাকাটার জন্যই র‌্যাব প্রতিষ্ঠানটির সঙ্গে বৈঠক করে। তিনি বলেন, তথ্যপ্রযুক্তি মানুষকে ক্ষমতায়িত করে। কিন্তু বাংলাদেশে এটিকে ব্যবহার করা হচ্ছে ভীতির উদ্রেক ঘটাতে।

সাংবাদিক সেলিম সামাদ রাষ্ট্রীয় সংস্থাগুলো ২০০২ সালে কীভাবে তাঁকে হয়রানি করেছে, সে অভিজ্ঞতা বর্ণনা করেন। ৯/১১–র পর কীভাবে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র পেট্রিয়ট অ্যাক্ট করে কীভাবে এ অধিকার খর্ব করছে, তা-ও বলেন। তিনি বলেন, ‘ বাংলাদেশে গোয়েন্দা সংস্থাগুলো তথ্যপ্রযুক্তির ব্যবহারে খুবই পারদর্শী। তারা বিখ্যাত গডফাদারদের খুঁজে বের করুক।’

ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ বলেন, ব্যক্তিগত তথ্য ঝুঁকির মুখে পড়লে মানুষ কোথায় কার কাছে যাবে, সে বিষয়টি নিশ্চিত হওয়া জরুরি।