ভূমি অধিগ্রহণ না করে বিনা নোটিশে পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রকল্পের নালার জন্য ব্যক্তিমালিকানাধীন জমি দখলের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় গতকাল সোমবার রূপপুরে জমির মালিকদের সঙ্গে স্থানীয় প্রশাসনের বৈঠক হয়েছে। তবে মালিকানার কাগজপত্র নিরীক্ষা ও সীমানা নির্ধারণের জন্য প্রশাসন দুই-তিন দিনের সময় চেয়েছে।
স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দা প্রথম আলোকে বলেন, কয়েক দিন আগে দিয়াড় রূপপুরে মোহাম্মদ রশিদুল্লাহর বাড়ির সামনের জায়গা থেকে রূপপুর নলগাড়ি মোড় পর্যন্ত তাঁদের জমিতে লাল-সাদা নিশান ওড়ানো হয়। গত শুক্রবার থেকে যন্ত্রের সাহায্যে ওই জায়গার মাটি সরানো শুরু হয়। এর কারণ জানতে চাইলে সেখানে অবস্থানরত প্রকল্প ও ঠিকাদারের প্রতিনিধিরা তাঁদের বলেন, পদ্মার ভাঙনের পর চর জেগে ওঠায় এই জমির মালিক বর্তমানে সরকার। এ জমি ভূমি অফিস থেকে রূপপুর প্রকল্পের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। এ কথা জানার পর এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠেন। এর পরিপ্রেক্ষিতে গত শনিবার জমির মালিক ও গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে মাটি সরানোর কাজ বন্ধ করে দেন। জমির মালিকদের বৈধ দলিলপত্র নিয়ে একটি বৈঠক করার জন্য মাইকিং করা হয়। গতকাল জমির মালিকেরা রূপপুর গ্রামে বৈঠকে বসেন। এ খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিল মাহমুদ এবং পাবনা সদর থেকে কয়েকজন হাকিম সেখানে যান। তাঁরাও বৈঠকে অংশ নেন।
প্রকল্প সূত্রে জানা গেছে, রূপপুর পারমাণবিক প্রকল্পের জন্য নির্ধারিত জমি রয়েছে ২৬০ একর। প্রকল্পের আবাসনের জন্য সাহাপুর ইউনিয়নের নতুনহাটে রয়েছে আরও ৩১ দশমিক ৫ একর জমি। এ ছাড়া রূপপুর প্রকল্পের জন্য নতুন করে ৮০০ একর জমি বরাদ্দ নেওয়ার নির্দেশনা রয়েছে। এসব জমি নদীতে জেগে ওঠা চর থেকে নেওয়া হয়েছে। এ জন্য নতুন মৌজা সৃষ্টি করে নাম দেওয়া হয়েছে চররূপকণিকা মৌজা। এ মৌজা থেকে ৮০০ মিটার দীর্ঘ ও ৪ মিটার প্রস্থের একটি নালা নির্মাণের কাজ শুরু হয়েছে। এই নালা দিয়ে রূপপুর প্রকল্পের পানি নিষ্কাশন করা হবে।
জানতে চাইলে ইউএনও শাকিল মাহমুদ বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। বিস্তারিত খোঁজখবর নেওয়ার পর তিনি এ বিষয়ে জানাবেন।