ব্যবসা ছাড়ার শপথ ১৫২ মাদক বিক্রেতার
‘আমরা আর কোনো দিন মাদক ব্যবসায় জড়িত হব না, কখনো মাদক সেবনও করব না, সৎ ও নিষ্ঠার সঙ্গে কর্ম করে বাঁচব, এ ধরনের অপরাধমূলক কাজে পুলিশকে সহায়তা করব।’ এভাবে স্বাভাবিক জীবনে ফিরে আসার শপথ নিলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ১৭টি ইউনিয়নের ৭ নারীসহ ১৫২ জন মাদক বিক্রেতা।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শহরের কুটিবাড়ি ঈদগাহ মাঠে গতকাল বৃহস্পতিবার মাদকবিরোধী সমাবেশে তাঁরা এ শপথ নেন। শপথবাক্য পাঠ করান অতিরিক্ত পুলিশ সুপার মইনুল হক। গোবিন্দগঞ্জ থানা-পুলিশ ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটি এর আয়োজন করে।
সমাবেশে সভাপতিত্ব করেন পুলিশ সুপার (এসপি) মাশরুকুর রহমান। বক্তব্য দেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাংসদ আবুল কালাম আজাদ, রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল, পৌর মেয়র আতাউর রহমান সরকার, উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহমেদ, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মুকিতুর রহমান, মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আবদুল লতিফ প্রধান, দরবস্ত ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম, সাংবাদিক কৃষ্ণ কুমার চাকী, ওসি মুজিবর রহমান প্রমুখ।
মাদক বিক্রেতাদের পক্ষে একজন বক্তব্য দেন। ওই বিক্রেতা বলেন, ‘আমরা ব্যবসা ছেড়ে দিলাম। কিন্তু আমাদের পুনর্বাসন করতে হবে।’
ওই বিক্রেতার বক্তব্যের পর স্থানীয় সাংসদ আবুল কালাম আজাদ বিক্রেতাদের মধ্যে অভাবী ২০ জনের প্রত্যেককে ৫ হাজার করে টাকা অনুদান দেন। সাংসদ পর্যায়ক্রমে শপথ গ্রহণকারী সব মাদক বিক্রেতার পুনর্বাসনের ব্যবস্থা করার আশ্বাস দেন।
এ বিষয়ে সাংসদ আবুল কালাম আজাদ বলেন, আজ যাঁরা মাদক ছেড়ে দেওয়ার শপথ নিলেন, তাঁদের বয়স্ক ভাতা, ভিজিডি কার্ড প্রদানসহ নানাভাবে পুনর্বাসন করা হবে।
সমাবেশ শেষে এক মাদকবিরোধী শোভাযাত্রা উপজেলা শহর প্রদক্ষিণ করে।