ব্যবসা প্রতিষ্ঠান দখল করে পুলিশ ক্লাব?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরের নেতাজী সুভাষ চন্দ্র বসু সড়কে ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান দখল করে সেখানে পুলিশ ক্লাবের নামে সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে যশোর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও তাঁদের স্বজনেরা এ অভিযোগ করেন।

ব্যবসায়ীদের অভিযোগ, পুলিশ শুধু উচ্ছেদ করে ক্ষান্ত হয়নি, কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে মামলাও দিয়েছে।
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিনয় কৃষ্ণ মল্লিক। তিনি যশোরের একটি মানবাধিকার সংগঠনের কর্মকর্তা। উচ্ছেদ করা স্থানে তাঁর ছেলের একটি প্রতিষ্ঠান ছিল বলে দাবি করেন কৃষ্ণ মল্লিক।
লিখিত বক্তব্যে দাবি করা হয়, ১৯১০ সালে শহরের নেতাজী সুভাষ চন্দ্র বসু সড়কে ১২০ শতক সরকারি জমি বরাদ্দ নিয়ে বেশ কয়েকজন বংশানুক্রমে ভোগ দখল করে আসছেন। সেখানে ব্যবসা প্রতিষ্ঠান ছাড়াও বসতবাড়িও রয়েছে। কিন্তু ওই জমিটির নিজেদের বলে দাবি করে পুলিশ প্রশাসন। একপর্যায়ে বিষয়টি আদালতে গড়ায়। বর্তমানে মামলা জেলা জজ আদালতে বিচারাধীন। অথচ এরই মধ্যে গতকাল বুধবার রাতে ওই জমিতে থাকা ১৫টি দোকানের তালা ভেঙে পুলিশ তা দখল করে সেখানে পুলিশ ক্লাবের নামে সাইনবোর্ড টাঙিয়ে দেয়। আর বসতবাড়ির বাসিন্দাদের জায়গা ছেড়ে দেওয়ার জন্য মৌখিকভাবে নির্দেশ দেয় পুলিশ। এ ছাড়া ওই জায়গায় বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে অভিযোগ করে ব্যবসায়ীদের আসামি করে মামলাও দেওয়া হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে যশোরের সহকারী পুলিশ সুপার (এএসপি ‘ক’ সার্কেল) ভাস্কর সাহা সাংবাদিকদের বলেন, ওই জমি বাংলাদেশ সরকারের এবং তা পুলিশ বিভাগের আওতায় রয়েছে। সরকারি জমি উদ্ধারে এই অভিযান চালানো হয়েছে।
সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত সাত​ থেকে আটজন ব্যবসায়ী ও তাঁদের স্বজনেরা উপস্থিত ছিলেন।
আদালতে মামলা চলাকালে এ অভিযান বিধিবহির্ভূত কি না—এমন প্রশ্নের জবাবে এ পুলিশ কর্মকর্তা বলেন, দখলকারীরা জাল দলিল দেখিয়ে মামলা করেছেন। সরকারি স্বার্থে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলার বিষয়ে জানতে চাইলে এএসপি ভাস্কর বলেন, ট্রাফিক পুলিশ কার্যালয়ে কে বা কারা বোমা হামলা চালিয়েছে। স্থানীয় লোকজনের সাক্ষ্যের ভিত্তিতে মামলা হয়েছে।