ব্যবসা যুবলীগ নেতার, ঝুঁকিতে বন

ঠাকুরগাঁও সদর উপজেলার ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের খোঁচাবাড়ী হাট এলাকার সংরক্ষিত বনঘেঁষা একটি খালে শ্যালো ইঞ্জিনচালিত মেশিন দিয়ে অবৈধভাবে যুবলীগের এক নেতা বালু তুলছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিয়ম-নীতির তোয়াক্কা না করে বালু তোলায় মহাসড়কের পাশ ঘেঁষে থাকা সংরক্ষিত শাল-সেগুন বন ধ্বংসের আশঙ্কা তৈরি হয়েছে। ওই যুবলীগ নেতার নাম মো. রায়হান।
সরেজমিনে গত শনিবার দেখা গেছে, মহাসড়কের সদর উপজেলার খোঁচাবাড়ী হাট এলাকার শাল-সেগুন বনের টিলাসংলগ্ন খালে শ্যালো ইঞ্জিনচালিত মেশিন বসিয়ে বালু তোলা হচ্ছে। সেখান থেকে পাইপ দিয়ে ২৫ গজ দূরে মহাসড়কের পাশের একটি পতিত জমিতে বালু নেওয়া হচ্ছে। এভাবে বালু তোলায় বন ঘেঁষে থাকা টিলায় ভাঙন দেখা দিয়েছে।
নদী থেকে বালু তোলার কাজে ব্যস্ত জগন্নাথপুর খাগরাবাড়ী গ্রামের উত্তম কুমার ও বিষ্ণুপদ বলেন, সামনে মহাসড়কের কাজ চলছে। তাই এখান থেকে বালু তুলে মহাসড়কের কাজের ঠিকাদারকে সরবরাহ করা হচ্ছে বলে তাঁরা শুনেছেন। তাঁরা মাথাপিছু দৈনিক ২০০ টাকা হাজিরার বিনিময়ে নদী থেকে বালু তোলার কাজ করছেন।
ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ এলাকায় সড়ক বিভাজন নির্মাণের কাজ করছে রংপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স তাজ মঞ্জিল। এই ঠিকাদারি কাজে জড়িত নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, বালু সরবরাহের জন্য তাঁদের প্রতিষ্ঠানের সঙ্গে মো. রায়হানের একটি চুক্তি হয়। চুক্তি অনুযায়ী বালু সরবরাহ করতে গিয়ে রায়হান সংরক্ষিত বন এলাকায় শ্যালো ইঞ্জিনচালিত মেশিন বসিয়ে বালু তুলছেন।
মো. রায়হানের সঙ্গে এ বিষয়ে আলাপকালে তিনি নিজেকে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি পরিচয় দিয়ে দাবি করেন, ‘কয়েক দিনের মধ্যে বালু তোলার কাজ শেষ হয়ে যাবে। সামান্য বালু তুললে বনের কোনো ক্ষতি হবে না।’
মেসার্স তাজ মঞ্জিলের ঠিকাদারি কাজের তত্ত্বাবধায়ক মো. রনি বলেন, ‘মো. রায়হানের সঙ্গে চুক্তি ঠিক নয়; অনেকের মতো তাঁর সঙ্গেও বালু সরবরাহের বিষয়ে কথা হয়েছে। তিনি কোথা থেকে বালু এনে সরবরাহ করছেন, এটা তাঁর বিষয়।’
ঠাকুরগাঁও সদর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল ইসলাম নিশ্চিত করেছেন, মো. রায়হান যুবলীগের ইউনিয়ন পর্যায়ের একজন নেতা।
এদিকে বালু উত্তোলনকারী যুবলীগের ওই নেতা যতই বলুন কোনো ক্ষতি হবে না, এলাকার বাসিন্দা আবদুর রহমান ও ইসমাইল উদ্দিন বলেন, সংরক্ষিত বনের পাশে শ্যালো ইঞ্জিন বসিয়ে এভাবে বালু তোলা হলে শালগাছগুলো হুমকির মুখে পড়বে।
নাম প্রকাশে অনিচ্ছুক খোঁচাবাড়ী হাটের এক ব্যবসায়ী বলেন, কয়েক দিন ধরে যুবলীগের নেতা বনের পাশ থেকে বালু তুলে নিয়ে যাচ্ছেন। প্রভাবশালী হওয়ায় প্রশাসনও তাঁদের কিছু বলছে না।
ঠাকুরগাঁওয়ের বন বিভাগের ফরেস্ট রেঞ্জার নিজামত উল্লাহ বলেন, খোঁচাবাড়ী এলাকার ওই শাল-সেগুন বনটি বন বিভাগের সংরক্ষিত। এ বনঘেঁষা জায়গা থেকে বালু তোলার বিষয়ে খোঁজখবর নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল ইসলাম বলেন, এভাবে বালু তোলা সম্পূর্ণ অবৈধ। এ ব্যাপারে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।