ব্যবসাপ্রতিষ্ঠান দখল করে শ্রমিক লীগের সাইনবোর্ড
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ব্যবসাপ্রতিষ্ঠান দখল করে সেখানে শ্রমিক লীগের সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি এসব ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়েছে। গত শুক্রবার ভোররাতে পৌরসভার কালীরবাজার সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক নুরুজ্জামান পাটওয়ারী ফরিদগঞ্জ থানায় ৩০-৩৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা ও জবরদখলের লিখিত অভিযোগ করেছেন।
নুরুজ্জামানের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার ভোররাতে নুরুজ্জামানের চাচাতো ভাই জাতীয় শ্রমিক লীগ ফরিদগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন পাটওয়ারীসহ ৩০-৩৫ জন লোক ফরিদগঞ্জ-কালীরবাজার সড়কের পাশে তাঁর দুটি ব্যবসাপ্রতিষ্ঠান দখলে নিয়ে জাতীয় শ্রমিক লীগের সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। এ সময় বাধা দিলে তাঁকে বেদম মারধর করা হয়। এ সময় হামলাকারীরা তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর ও মালামাল বাইরে ফেলে দেওয়ায় তাঁদের ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে গতকাল সন্ধ্যায় দুই পক্ষের সঙ্গে আমাদের বসার কথা ছিল। জাকির হোসেন পাটওয়ারী না আসায় বৈঠকটি হয়নি। রোববার আবার বৈঠকের দিন নির্ধারণ করা হয়েছে। সেদিনও সমাধান না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এ ব্যাপারে বক্তব্য জানতে শুক্রবার জাকির হোসেন পাটওয়ারীর মুঠোফোনে একাধিকবার ফোন করা হলে তা বন্ধ পাওয়া গেছে।
উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্বাস ব্যাপারী বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি জানি না। এ ধরনের ঘটনা কেউ ঘটিয়ে থাকলে এর দায় তার নিজের। এ ঘটনার সঙ্গে শ্রমিক লীগ জড়িত নয়।’
নুরুজ্জামানের ভাতিজা শাহদাত হোসেন বলেন, ‘জাকির হোসেন পাটওয়ারী লোকজনসহ এসে অস্ত্রের মুখে জিম্মি করে মারধরের পর দোকানের মালামাল বের করে ফেলে দেন। এখানে সাড়ে ৫ শতাংশ জমি। আধা পাকা চারটি দোকান রয়েছে। আমরা খরিদ ও পৈতৃক সূত্রে এ জমির মালিক। এখানে জাকির হোসেনের জমি নেই। কিন্তু তিনি এ জমি দাবি করে রাতের আঁধারে আমাদের উচ্ছেদ করেন। বর্তমানে আমাদের দোকানের সব মালামাল রাস্তায় পড়ে আছে।’