ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের অভিযোগ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় চাঁদার দাবিতে গতকাল রোববার এক ব্যবসায়ীর প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়ে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় ব্যবসায়ীর অফিস সহকারীকে পিটিয়ে আহত করা হয়।
ওই ব্যবসায়ীর নাম আরিফ হোসেন। তিনি ওই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আরিফ হোসেন এজাহারে উল্লেখ করেন, কাঁচপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের সেলিম মিয়া, আফাজ উদ্দিন, ফারুক মিয়া ও মাজহারুল ইসলাম তাঁর কাছে দীর্ঘদিন ধরে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছেন। তা না পেয়ে গতকাল দুপুরে সেলিম মিয়ার নেতৃত্বে ৮-১০ যুবক দেশীয় অস্ত্র নিয়ে কাঁচপুর সোনালি মার্কেটে তাঁর অফিস কার্যালয়ে হামলা চালায়। দুর্বৃত্তরা আসবাব ভাঙচুর ও লুটপাট করে ব্যাপক ক্ষতি সাধন করে। এ সময় তাঁর অফিস সহকারী আল-আমিনকে পিটিয়ে আহত করা হয়। আল-আমিনকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সেলিম মিয়া বলেন, এ ঘটনার সঙ্গে তিনি ও তাঁর লোকজন জড়িত নন।
সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হক বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।