ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে মানববন্ধন
শেরপুরের শ্রীবরদীতে উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠনকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের সশস্ত্র মহড়া ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে গতকাল শনিবার মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। শ্রীবরদী বণিক সমিতির ডাকে এসব কর্মসূচি পালন করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত ওই মানববন্ধনে ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর শহীদ মিনার চত্বরে তারা সমাবেশ করে। সমাবেশে বক্তব্য দেন শ্রীবরদী বহুমুখী ব্যবসায়ী সমিতির সভাপতি ও পৌর মেয়র আবদুল হাকিম, উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন, কাঁচাবাজার সমিতির সভাপতি কুরবান আলী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রুহুল আমিন কালাম প্রমুখ। এ সময় বক্তারা অবিলম্বে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।
উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে চলমান বিরোধের জের ধরে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মেরাজ উদ্দিন ও ছাত্রলীগের সাবেক সভাপতি জুয়েল আকন্দ পক্ষের মধ্যে একাধিকবার সশস্ত্র মহড়া, পাল্টাপাল্টি ধাওয়া, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের অনেক দোকানপাট।