ব্যবসায়ী আলতাফ হত্যায় স্ত্রী জড়িত!
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ব্যবসায়ী আলতাফ হোসেন (৪৫) হত্যায় তাঁর দ্বিতীয় স্ত্রী মৌসুমী আক্তার (২১) ও তাঁর মামা মাসুম ভূঁইয়া (২৫) জড়িত বলে দাবি করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
ডিবির দাবি, মৌসুমীর পরকীয়া ও প্রথম স্ত্রীর সঙ্গে সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জেরে আলতাফকে হত্যা করা হয়।
আজ দুপুরে ডিবির বরাত দিয়ে পাঠানো ঢাকা মহানগর পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩ ডিসেম্বর দিবাগত রাত আড়াইটায় মৌসুমী আক্তারকে এবং সাড়ে তিনটার দিকে তাঁর মামা মাসুমকে কোনাপাড়া এলাকা থেকে সহকারী কমিশনার মাহমুদ নাসেরের নেতৃত্বে ডিবির একটি দল গ্রেপ্তার করে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল গাজীপুর জেলার জয়দেবপুর জাতীয় উদ্যানের গজারি বন থেকে আলতাফের লাশ উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ট্রাভেল এজেন্ট ব্যবসায়ী আলতাফ হোসেন যাত্রাবাড়ীর কোনাপাড়ায় খান ভবনের ছয়তলায় স্ত্রী মৌসুমী আক্তারকে নিয়ে ভাড়া থাকতেন। ২১ ডিসেম্বর সকাল থেকে আলতাফকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় আলতাফের ছোট ভাই জালাল হোসেন যাত্রাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করেন।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মৌসুমী জানান, তাঁর ছোট ভাই ইমন, প্রেমিক ইমন ও মামা মাসুমকে নিয়ে তিনি এই হত্যার পরিকল্পনা করেন। ২০ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে খান ভবনের বাসায় ঢোকার সঙ্গে সঙ্গে আলতাফকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে ভাড়া করা মাইক্রোবাসে করে জয়দেবপুর থানার আওতাধীন জাতীয় উদ্যানের গজারি বনের মধ্যে আলতাফের লাশ ফেলে দেওয়া হয়।
এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।