প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারা থানার পুলিশ গতকাল বৃহস্পতিবার সাজাপ্রাপ্ত পলাতক এক আদম ব্যবসায়ীকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। ওই ব্যবসায়ীর নাম বজলুর রহমান (৪৫)। তিনি উপজেলার তেগাছি সেনপাড়া গ্রামের বাসিন্দা। বাগমারা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আরিফুল ইসলাম জানান, বজলুর রহমান বিদেশে পাঠানোর নামে এলাকার কয়েকজনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে আত্মসাৎ ও তাঁদের ভুয়া ভিসা দিয়ে প্রতারণা করেন। প্রতারিত তিনজন আদালতে তিনটি মামলা করেন। গত বছর দুটি মামলায় তাঁর মোট পাঁচ বছরের কারাদণ্ড ও সাড়ে চার লাখ টাকা জরিমানা হয়। আরেকটি মামলায় আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।