ব্যবসায়ী হত্যায় ৬ ডাকাতের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ব্যবসায়ী মনির হোসেন হত্যা মামলার রায়ে ছয় ডাকাতকে মুত্যুদণ্ড দিয়েছেন নারায়ণগঞ্জের ২ নম্বর অতিরিক্ত দায়রা জজ আদালত। দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন সোলেমান, রিপন, জাহাঙ্গীর, আক্কাছ, অহিদ ওরফে রনি ও আক্তার হোসেন।

নিহত মনিরের স্ত্রী হাসিনা বেগম মামলার রায়ের প্রতিক্রিয়ায় জানান, ‘আমরা আদালতের রায়ে খুশি। এই আসামিরাই আমার স্বামীকে নৃশংসভাবে হত্যা করেছে।’ তিনি দ্রুত রায় কার্যকর করার দাবি জানান।

রাষ্টপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কে এম ফজলুর রহমান। মামলার বিবরণীর বরাত দিয়ে তিনি জানান, ২০০৮ সালের ২৫ জুলাই রাত সাড়ে ১২টার দিকে রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকা থেকে রিকশাযোগে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী মনির হোসেন। পথে হুরগাঁও ভোলাইখালী সড়কে অজ্ঞাতনামা সাত-আটজন ডাকাত তাঁর রিকশার গতিরোধ করে। ডাকাতেরা তাঁকে রিকশা থেকে নামিয়ে মারধর করে মুঠোফোন ও নগদ এক হাজার টাকা ছিনিয়ে নেয়। চিনে ফেলায় ডাকাতেরা মনিরকে হাত, পা ও চোখ বেঁধে পানিতে ফেলে হত্যা করে।