ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের পর দুই নারীর সঙ্গে অশ্লীল ছবি তুলে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে মুক্তিপণ আদায় করেছে দুর্বৃত্তরা।
সাভারে গত বুধবার এ ঘটনা ঘটে। ওই ব্যবসায়ীর নাম মনোয়ার হোসেন (৪৫)। তিনি ইট ও বালুর ব্যবসা করেন। বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইরের জয়মণ্ডপ এলাকায়। দুর্বৃত্তরা তাঁকে ব্যাপক মারধরও করেছে। স্থানীয় একটি হাসপাতালে তিনি চিকিৎসা নিচ্ছেন।
মনোয়ার বলেন, তিনি দীর্ঘদিন বিদেশে থেকে বছর তিনেক আগে দেশে ফেরেন। এরপর ইট ও বালুর ব্যবসা শুরু করেন। তিনি সাভারেও ইট-বালু সরবরাহ করে আসছেন। মাস দুয়েক আগে এক ব্যক্তি ফোন করে সাভারের রেডিও কলোনি এলাকার বাসিন্দা পরিচয় দিয়ে তাঁর কাছ থেকে ইট-বালু কেনার আগ্রহ প্রকাশ করেন। এরপর ওই ব্যক্তি প্রায়ই তাঁকে ফোন করে তাঁর সাইট (কাজ করার নির্ধারিত স্থান) পরিদর্শনের অনুরোধ করে আসছিলেন। তাঁর আগ্রহের কারণে তিনি বুধবার দুপুর ১২টার দিকে সাভার বাসস্ট্যান্ডে আসেন। সেখান থেকে ওই ব্যক্তিসহ দুজন তাঁকে রিকশায় তুলে রেডিও কলোনির উদ্দেশে রওনা হন। কিছু দূর যাওয়ার পর রিকশাটি একটি গলির ভেতর নিয়ে তাঁর চোখ বেঁধে ফেলা হয়। এরপর তাঁর বুকে পিস্তল ঠেকিয়ে একটি বাসায় নিয়ে তাঁর মুখ ও হাত বেঁধে ফেলেন ওই ব্যক্তিরা। তখন তাঁকে বেদম মারধর করে সামনে ইয়াবা ও বিয়ার রেখে কিছু সময়ের জন্য চোখ খুলে দেওয়া হয়। এ সময় ওই দুজনের সঙ্গে আরও তিন তরুণ ছিলেন। পরে তাঁরা দুজন নারী এনে তাঁর সঙ্গে অশ্লীল ছবি তুলে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন এবং তাঁর পরিবারের কাছে এক লাখ টাকা চান। এর আগে তাঁর কাছে থাকা ২২ হাজার টাকা হাতিয়ে নেয় চক্রটি। পরে তাঁর স্বজনেরা একটি বিকাশ নম্বরে আরও ৪০ হাজার টাকা পাঠালে সন্ধ্যায় তাঁকে ছেড়ে দেওয়া হয়।
সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখ বলেন, একটি সংঘবদ্ধ চক্র লোকজনকে নানাভাবে প্রতারণার ফাঁদে ফেলে মুক্তিপণ আদায় করছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার: নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পর সাভারের শ্যামলাসি কলাতিয়াপাড়া এলাকার একটি খাল থেকে শনিবার রাতে ইটভাটার শ্রমিক গোলাম মোস্তফা ঢালির (৭৩) লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলায়।
সাভার মডেল থানা-পুলিশ জানায়, ভাকুর্তা ইউনিয়নের কলাতিয়াপাড়ার বিএমসি ইটভাটার নিরাপত্তা কর্মী ছিলেন গোলাম মোস্তফা। শনিবার রাতে ইটভাটার অদূরে একটি খালে তাঁর লাশ পাওয়া যায়। লাশের গলায় গামছা প্যাঁচানো ছিল।
ইটভাটার ব্যবস্থাপক মনির হোসেন বলেন, চার বছরেরও বেশি সময় ধরে গোলাম মোস্তফা তাঁদের ভাটায় কাজ করেন। ঈদের ছুটি কাটিয়ে ১ আগস্ট তিনি কর্মস্থলে ফেরেন। কিন্তু পরের দিন থেকেই তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ ব্যাপারে সাভার মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
কে বা কারা এবং কী কারণে গোলাম মোস্তফাকে হত্যা করেছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।